জাতীয় সংবাদ

নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বললেন মামদানি

প্রবাহ রিপোর্ট ঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি আবারও তুলেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ এবং ‘ফিলিস্তিনি জনগণের ওপর ভয়াবহ গণহত্যার স্থপতি’ হিসেবে বর্ণনা করেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের সঙ্গে নিউইয়র্কের গ্র্যাসি ম্যানশনে বৈঠকের পর মামদানি এসব মন্তব্য করেন। সাক্ষাৎকারে মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, সেটিকে সম্মান করা উচিত। আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ থাকতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি। মামদানি বলেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা উচিত বলেও তিনি মত দেন। তবে মামদানি একই সঙ্গে স্বীকার করেছেন, নেতানিয়াহুকে গ্রেপ্তারের মতো পদক্ষেপ নেওয়ার একক আইনি ক্ষমতা তার নেই। কয়েক মাস ধরে এ বিষয়ে কথা বললেও সম্প্রতি তিনি বিষয়টি পরিষ্কার করেন। নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের বিরোধিতায় আয়োজিত কোনো বিক্ষোভেও তিনি অংশ নেবেন না বলে জানিয়েছেন। সূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর। এদিকে, ট্রাম্প ও মামদানির বৈঠকে দুই নেতার রাজনৈতিক মতপার্থক্যের বাইরে নিউইয়র্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়। এর মধ্যে অভিবাসন আইন প্রয়োগ এবং প্রায় এক বিলিয়ন ডলারের আবাসন প্রকল্প অন্যতম। যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প মামদানির মেয়াদ শুরুর উদ্যোগের প্রশংসা করেন এবং তার নেতৃত্ব নিয়ে আশাবাদ প্রকাশ করেন। অন্যদিকে, নিউইয়র্কের বাসিন্দাদের সুবিধার জন্য ট্রাম্পের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথা জানান মামদানি। তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল, সিএনএন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button