ভাঙ্গা-মোংলা সড়ক হবে ৬ লেন: সেতুমন্ত্রী

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :
মোংলা বন্দর কেন্দ্রিক অবকাঠামো ও ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে ভাঙ্গা থেকে মোংলা পর্যন্ত সড়কটি সার্ভিস লেনসহ ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-উত্তরাঞ্চলে জ্বালানি ও শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের অর্থনীতি, অবকাঠামোগত ব্যবসা-বাণিজ্য এবং আমদানি-রপ্তানির বিশাল সুযোগ তৈরি হবে।”
তিনি জানান, যোগাযোগ আরও সহজ ও গতিশীল করতেই ভাঙ্গা-মোংলা ৬ লেন সড়ক নিশ্চিত করা হচ্ছে। বন্দরের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, মোংলা বন্দরে দুটি কনটেইনার বার্থসহ ৩৬৮ মিটারের জেটি নির্মাণ এবং ৪৯ ক্যাটাগরির আধুনিক সরঞ্জাম সংযোজনের প্রস্তুতি চলছে। পাশাপাশি শ্রমিকদের কল্যাণ ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রশাসক এস এম শফিকুল আলম মনা এবং মোংলা বন্দর বার্থ অ্যান্ড শিপ অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বক্তব্য রাখেন। এ সময় সিবিএ নেতা এবং বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


