নগরীতে জুম্মার নামাজ চলাকালে নিষিদ্ধ কার্যক্রম আ.লীগের ঝটিকা মিছিল

স্টাফ রিপোর্টার : খুলনার খালিশপুরে জুম্মার নামাজ চলাকালে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী ঝটিকা মিছিল করেছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে খুলনা-যশোর মহাসড়কের আনসার উদ্দিন সড়কের মুখে এ মিছিল হয় বলে তারা জানান।
স্থানীয়দের ভাষ্য, মিছিলটি খালিশপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনস স্কুলের সামনে থেকে শুরু হয়ে আনসার উদ্দিন সড়কের মুখ পর্যন্ত যায়। এতে নেতৃত্ব দেন খালিশপুর থানা কৃষক লীগের সভাপতি রতন শেখ কন্ট্রাক্টর বলে স্থানীয়রা জানান।
মিছিলে রাজু, এনামুল, জিকু, বাশার, মুন্না, শোভন, রায়হান সরদার, আকাশ সরদার ও আল আমিন মল্লিকসহ কয়েকজন অংশ নেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এনামুলের বাবার নাম কামাল এবং তাঁর বাড়ি কাজীপাড়া-মুজগুনী এলাকায়। বাশার ও শোভনের বাড়ি পেটকা বাজার এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মিছিলের সময় পাশের একটি মসজিদে জুম্মার নামাজের খুতবা চলছিল। এ সময় মসজিদ থেকে কয়েকজন মুসল্লি বের হয়ে মিছিলকারীদের সঙ্গে যোগ দেওয়ার চেষ্টা করেন। একই সময়ে খোকনের চায়ের দোকানে থাকা কয়েকজন মোটরসাইকেল আরোহীও সেখানে আসেন বলে স্থানীয়রা জানান।
পরে নামাজরত স্থানীয় কয়েকজন ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে মিছিলকারীদের ধাওয়া করেন। এতে মিছিলকারীরা মিছিল শেষ না করেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ‘এ রকম একটি ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো তথ্য-প্রমাণ পাইনি।’
তবে ঘটনা সত্যতা নিশ্চিত করে কেএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর বিভাগ)সুদর্শন কুমার রায় বলেন পুলিশের সক্রিয় ভূমিকার কারনে তারা মিছিল করতে পারেনি।মিছিলকারীদের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করা হবে।



