জাতিসংঘের বাইরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ : অভিনেত্রীসহ গ্রেপ্তার ১০০

প্রবাহ রিপোর্ট ঃ জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের আগে বৃহস্পতিবার জাতিসংঘ সদরদপ্তরের বাইরে বিক্ষোভ করায় অভিনেতা ও রাজনীতিকসহ অন্তত ১০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়াদের মধ্যে ছিলেন অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডন, এমি পুরস্কারজয়ী হান্না আইনবিন্ডার, ডেমোক্র্যাটিক কংগ্রেস প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ের এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য চি অসে। বিক্ষোভে অংশ নেওয়া ইরানি ও ইহুদি বংশোদ্ভূত ৫০ বছর বয়সী বিশ্ববিদ্যালয় অধ্যাপক মানিজেহ মোরাদিয়ান বলেন, ‘গাজায় যা করা হচ্ছে, একটি পুরো সমাজকে ধ্বংস করা হচ্ছে, আমাদের নামে, আমাদের করের অর্থে, এর বিরুদ্ধে কথা বলা আমাদের দায়িত্ব। আর এসব নৃশংসতার যৌক্তিকতা তুলে ধরতে জাতিসংঘের মঞ্চ ব্যবহারের কোনো অধিকার নেতানিয়াহুর নেই।’ সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহু অঞ্চলে ইসরায়েলের কর্মকা-ের পক্ষে সাফাই দেন। নির্বাচনে পরাজিত হওয়ার আশঙ্কার মধ্যে ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিচ্ছিন্নতার পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় কয়েক ডজন প্রতিনিধি সাধারণ পরিষদ কক্ষ থেকে বেরিয়ে যান। ফিলিস্তিনিদের সমর্থনকারী ইহুদি অধিকারকর্মী সংগঠন জিউইশ ভয়েস ফর পিস বিক্ষোভটির আয়োজন করে। জাতিসংঘের বাইরে প্রায় ২০০ মানুষ জড়ো হন। তাদের সবার পরনে ছিল একই ধরনের সাদা টি-শার্ট। এতে লেখা ছিলÑ‘বোমা নয়, মানুষের পেছনে অর্থ ব্যয় করুন’, ‘যুদ্ধ নয়’ এবং ‘ফ্রি প্যালেস্টাইন’। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে লাউডস্পিকারে পুলিশ তাদের সরে যেতে নির্দেশ দেয়। কয়েকজন ফুটপাতে চলে গেলেও মূল দলের বিক্ষোভকারীরা সড়কে বসে থাকেন এবং নেতানিয়াহুবিরোধী স্লোগান দিতে থাকেন। সাইকেলে করে পুলিশ কর্মকর্তারা এসে বিক্ষোভকারীদের ঘিরে ফেলেন। এরপর একে একে তাদের দল থেকে টেনে বের করে হাত পেছনে নিয়ে বেঁধে পুলিশ বাসে তুলে নেওয়া হয়। বাসের বাইরে থাকা অবস্থাতেও কর্মীরা ‘নেতানিয়াহু জাহান্নামে যাও’ স্লোগান দিতে থাকেন। তথ্যসূত্র: রয়টার্স।



