ঝিনাইদহে ট্রেন থেকে পড়ে নারী যাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিচলে পড়ে নিহত হয়েছেন রাবেয়া খাতুন (৩৭) নামে এক যাত্রী। খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামি কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন ওই নারী। রাবেয়া খাতুন, রাজধানী ঢাকার খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।
শনিবার সকাল ৮টার দিকে স্টেশন থেকে বিরতীর পর যাত্রা শুরু করলে ওই নারী ট্রেনে উঠতে যান। এসময় অসাবধনতায় পা পিচলে নীচে পড়েন। প্লাটফর্ম থেকে নীচে পড়ে গেলে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার একটি হাত ও শরীরের বিভিন্œ অংশ ক্ষতিগ্রস্ত হয়। সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়া চিকিৎসকরা সেখান থেকে যশোর হাসপাতালে রেফার করেন। যশোর যেনওয়ার পথে সাতমাইল এলাকায় পৌছালে বেলা সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্লাটফর্ম নিচু হওয়ায় ওই নারী উঠতে গিয়ে পড়ে যান। তাছাড়া ট্রেনের গার্ডের অবহেলা ছিল বলেও তাদের অভিযোগ।
মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার নয়ন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেন। তার অবস্থা আশংকাজনক হওয়া যশোর রেফার করা হয়েছে। তবে, যশোর পথে মারা তিনি গেছেন বলে লোকমুখে জেনেছি।



