যশোরে ট্রেনের ধাক্কায় ২ নিহত : ইজিবাইকের ধাক্কায় সাইকেল আরোহী আহত

যশোর ব্যুরো ঃ যশোরে আলাদা দুটি দুর্ঘটনায় ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত এবং ইজিবাইকের ধাক্কায় এক সাইকেল আরোহী আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ও সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে।
দুপুর ২টার দিকে যশোরের কৃষ্ণবাটি এলাকায় রেললাইন পার হওয়ার সময় একটি ইজিবাইককে ঢাকা থেকে আসা রূপসী বাংলা ট্রেন ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ইজিবাইকে থাকা দুই যাত্রী আজিজুল হক (৪৫) ও এরশাদ (৫০) ঘটনাস্থলেই নিহত হন। নিহত আজিজুল হক যশোর সদর উপজেলার তপসিডাঙ্গা এলাকার গফুর গাজীর ছেলে এবং এরশাদ একই এলাকার কুড়ন গাজীর ছেলে।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্ত করে। যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর শহরের ধর্মতলা মোড়ে ইজিবাইকের ধাক্কায় আনন্দ পাল (২৬) নামে এক সাইকেল আরোহী আহত হন। তিনি সদর উপজেলার দিয়াড়া এলাকার মৃত তারক পালের ছেলে।
স্থানীয়রা জানান, আনন্দ পাল সাইকেলে নারায়ণগলি যাওয়ার পথে ধর্মতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।



