স্থানীয় সংবাদ

খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যুর রেকর্ড

বিভাগে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭৬

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের দপ্তর থেকে প্রকাশিত শনিবার ( ২৬ সেপ্টেম্বর) পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীরা হলেন- খুলনা নগরীর নিরালা প্রধান সড়ক এলাকার বাসিন্দা নোয়ারা বেগম (৬৬)। তিনি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। একই হাসপাতালে ওই দিনই মারা যান বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মোঃ মাহফুজ খাঁ (২৭)। এছাড়া খুলনার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ সেপ্টেম্বর বাগেরহাটের ফকিরহাটের বাসিন্দা রাবেয়া (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খুলনা স্পেশালাইজড হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ সেপ্টেম্বর মারা যান খালিশপুর মুজগুন্নী এলাকার বাসিন্দা মাসুম বিল্লাহ (৪৮)। অন্যদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ সেপ্টেম্বর সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা হনুফা বেগম (৫০) ডেঙ্গু শক সিন্ড্রোমে মারা যান।
স্বাস্থ্য পরিচালকের দপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ১৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন করে পাঁচজনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ১২ হাজার ৩০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ১৬ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন, বাগেরহাটে ৩ জন, যশোরে ২ জন এবং চুয়াডাঙ্গায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত ১০ হাজার ৮১৮ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৪১ জন। এছাড়া এ সময়ে ২৯৯ জন রোগীকে অন্যত্র রেফার্ড করা হয়েছে।
২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে খুলনা জেলায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন। খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে ১৫৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জনসহ মোট ২২৬ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এছাড়া বাগেরহাটে ১১ জন, সাতক্ষীরা জেলায় ১০ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, নড়াইলে ১২ জন, কুষ্টিয়ায় ৪ জন, চুয়াডাঙ্গায় ২ জন, মেহেরপুরে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়, বছরের শুরু থেকে খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে এক হাজারের বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button