জাতীয় সংবাদ

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ-গোলাগুলি : নিহত ২৪

প্রবাহ রিপোর্ট : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ডেরা বুগতি জেলায় দুটি পৃথক ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৩ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর) নিহত ব্যক্তিদের মধ্যে বুগতি শান্তি বাহিনীর একজন সদস্যও রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদনে বলা হয়, ডেরা বুগতি জেলার জেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনে হামলার পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের দীর্ঘক্ষণ গোলাগুলি হয়। এতে ১৩ জন সন্ত্রাসী ও বুগতি শান্তি বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ডেরা বুগতি জেলার বেইহ লোতি এলাকায় জেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন লক্ষ্য করে সন্ত্রাসীরা হামলা চালায়। পরে বুগতি শান্তি বাহিনী পাল্টা জবাব দিলে দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গোলাগুলি হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে চিকিৎসার জন্য করাচিতে পাঠানো হয়েছে।
রেসকিউ ১১২২-এর বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম দ্য ডন জানায়, শনিবার ডেরা ইসমাইল খানের দারাজিন্দার কাছে আমান মেলায় একটি পুলিশ চেকপোস্টে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী ও একজন শিশু রয়েছেন।
পুলিশ জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান সীমান্তের কাছে ডিআই খান-কোয়েটা সড়কের মুঘল কোট ও দারাজিন্দার নিকটবর্তী আমান মেলা চেকপোস্টে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের প্রকৃতি ও কারণ নির্ণয়ের জন্য ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পাঠানো হয়েছে।
রেসকিউ ১১২২ আরও জানায়, এখন পর্যন্ত ২০ জন আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৮ জনকে উন্নত চিকিৎসার জন্য দারাজিন্দার চিকিৎসাকেন্দ্র এবং ডিআই খানের মুফতি মাহমুদ হাসপাতালে পাঠানো হয়েছে।
উদ্ধার অভিযান ও আহত ব্যক্তিদের সহায়তায় ডিআই খানের কর্মীসহ চারটি অতিরিক্ত অ্যাম্বুলেন্স মোতায়েনের নির্দেশ দিয়েছেন সংস্থাটির জেলা জরুরি কর্মকর্তা মুহাম্মদ আরিফ খান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button