বর্তমান সংকট উত্তরণে রাসুল (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণ এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান

# খুলনা সদর থানা জামায়াতের সিরাত সেমিনারে মোহাম্মদ মাহফুজুর রহমান #
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, জাহেলিয়াতে আচ্ছন্ন একটি সমাজকে পরিবর্তন করে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে আদর্শ সমাজ বিনির্মাণ করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। বর্তমান বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিরাজমান অস্থিরতা ও নৈতিক অবক্ষয় রোধে রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবন গঠন করলেই কেবল একটি কল্যাণমুখী ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। । শনিবার (২৬ সেপ্টেম্বর) খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর পশ্চিম টুটপাড়াস্থ মসজিদ মিশন কমপ্লেক্সের মিলনায়তনে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর আমীর এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মো. হুমায়ুন কবীরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, মজলিসুল মোফাসসিরিন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, মহানগরী সভাপতি মাওলানা মো. মনিরুজ্জামান, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল গফফার, খুলনা সদর থানা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মোজাফফর হোসেন, ওলামা বিভাগের সেক্রেটারি ডা. হাফেজ মাওলানা সাইফুল্লাহ মানসুর, দপ্তর সম্পাদক মাওলানা নাসির উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ২১ নম্বর ওয়ার্ড আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন মল্লিক ও কাউন্সিলর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, ২২ নম্বর ওয়ার্ড সভাপতি আরাফাত হোসেন ও কাউন্সিলর প্রার্থী আমানত আলী হাওলাদার, ২৪ নম্বর ওয়ার্ড আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ২৭ নম্বর ওয়ার্ড আমীর শহিদুল ইসলাম ও কাউন্সিলর প্রার্থী মনির হোসেন লিটন, ২৮ নম্বর ওয়ার্ড আমীর মাওলানা সিরাজ বিন ইয়াকুব ও কাউন্সিলর প্রার্থী হাজী বেলালুজ্জামান, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান ডালিম, ৩০ নম্বর ওয়ার্ড আমীর মাওলানা আব্দুল ওয়াহেদ ও কাউন্সিলর প্রার্থী আলিমুল হক মিরাজ এবং ৩১ নম্বর ওয়ার্ড আমীর নূর হোসাইন বাবুল। পরে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মহানগরী আমীর আরও বলেন, জাহেলিয়াতে পরিপূর্ণ একটি সমাজকে পরিশুদ্ধ করা আল্লাহর রাসূলের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। তবুও তিনি কুরআন ও সুন্নাহর আলোর সাহায্যে সেই সমাজকে সফলভাবে পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন। সাহাবায়ে কেরাম দ্বীন বিজয়ের জন্য যেভাবে দৃঢ়চিত্তে শপথ নিয়েছিলেন এবং যেকোনো পরিস্থিতিতে অটল-অবিচল ছিলেন, বর্তমান বাংলাদেশে জামায়াতে ইসলামীর কর্মীদেরও যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সেভাবেই অবিচল থাকার আহ্বান জানানো হয়। পৃথিবীর তাবৎ সমস্যার একমাত্র এবং স্থায়ী সমাধান দিতে পারে একমাত্র ইসলাম ও রাসুল (সা.)-এর সুন্নাহ বলে মন্তব্য করেন।
ইনসাফ প্রতিষ্ঠায় সকল সংকটের সমাধান উল্লেখ করে মহাফুজুর রহমান বলেন, বর্তমান সময়ে বাংলাদেশসহ সারা বিশ্বে যে অস্থিরতা বিরাজ করছে, তার মূল কারণ সমাজে ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠিত না থাকা। রাসুল (সা.) মক্কার ১৩ বছর ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করলেও পারিপার্শ্বিক অবস্থার কারণে তা মক্কায় সম্ভব হয়নি। কিন্তু মদিনায় যখন ইসলামী রাষ্ট্র গঠিত হলো, তখন সময়ের সব সমস্যার সফল সমাধান হয়েছিল। ঠিক তেমনিভাবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করা গেলেই কেবল বর্তমান সকল সংকটের অবসান ঘটবে ইনশাআল্লাহ।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনাদর্শ, উত্তম চরিত্র, সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়পরায়ণতা, ক্ষমাশীলতা ও অতুলনীয় মানবিকতার বিভিন্ন দিক তুলে ধরে মহানগরীর এই আমীর বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবন মানবজাতির জন্য সর্বকালের সর্বোত্তম আদর্শ। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে সততা, শৃঙ্খলা, পারস্পরিক সহমর্মিতা এবং প্রকৃত মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।
বর্তমান সময়ের নৈতিক অবক্ষয় ও সামাজিক নানা সংকট মোকাবিলায় রাসুল (সা.)-এর জীবন থেকে শিক্ষা নেওয়ার ওপর গুরুত্বারোপ করে মহাফুজুর রহমান বলেন, ব্যক্তিগত ও সামষ্টিক জীবন রাসুল (সা.)-এর সুন্নাহ মোতাবেক পরিচালিত হলে সমাজ এবং রাষ্ট্র অনেক সুন্দর ও শান্তিময় হয়ে উঠবে। মানবতার প্রকৃত মুক্তির জন্য দলমত নির্বিশেষে সকলকে ইসলাম ও মহানবী (সা.)-এর সুমহান আদর্শের দিকে ফিরে আসার এবং একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ার কাজে আত্মনিয়োগ করার উদাত্ত আহ্বান জানানো হয়।


