খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ভর্তি ২৪৮ : মৃত্যু ২

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ২৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং সাতক্ষীরায় রয়েছে একজন। বুধবার (৩০ সেপ্টেম্বর) পরিচালক (স্বাস্থ্য), খুলনা বিভাগ-এর দপ্তর থেকে পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে মোট ১৩ হাজার ৪১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৮ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৮৯৭ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এ সময়ে ৩২৪ জন রোগীকে অন্যত্র রেফার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২৪৮ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৬২ জন। জেলা ও প্রতিষ্ঠানভিত্তিক হিসাবে, খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ জেলায় চলতি বছর এ পর্যন্ত মোট রোগী ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৪ জন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৫৩ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। যশোরে নতুন ভর্তি হয়েছেন ২৬ জন, সাতক্ষীরায় ১৩ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, নড়াইলে ১৭ জন, মাগুরায় ১১ জন, চুয়াডাঙ্গায় ১১ জন, ঝিনাইদহে ৯ জন, মেহেরপুরে ৫ জন এবং কুষ্টিয়ায় ৪ জন। বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি। প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছর খুলনা বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৪৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে খুলনা জেলায় ১৬ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন, বাগেরহাটে ৩ জন, সাতক্ষীরায় ১ জন, যশোরে ২ জন এবং চুয়াডাঙ্গায় ১ জন মারা গেছেন।



