জাতীয় সংবাদ

‘তিন মাসের মধ্যে’ কেরানীগঞ্জে যাচ্ছে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর যানজট কমাতে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। এ ছাড়া সম্প্রতি মিরপুরে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। শনিবার (৩ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার। এদিন মহাখালী বাস টার্মিনালের নতুন করে বরাদ্দ দেওয়া জায়গা দেখতে আসেন বাস মালিক সমিতির নেতারা। সেখানে ৮০টি বাস রাখার মতো নতুন জায়গা বুঝিয়ে দেওয়া হয়। ডিএমপি কমিশনার বলেন, বর্তমান সরকার বাস ডিপো ও টার্মিনাল আলাদা করার কাজ করছে। মহাখালী টার্মিনাল নিজ জায়গায় থাকলেও ডিপো নিয়ে যাওয়া হবে পূর্বাচলে। তিনি বলেন, ঢাকার যানজটের অন্যতম কারণ গুলিস্তান ও ফুলবাড়িয়া টার্মিনাল। এসব টার্মিনাল তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। আলাদা করা হবে টার্মিনাল ও ডিপো। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। এদিকে সম্প্রতি মিরপুরে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান ডিএমপি কমিশনার। এসময় বাস মালিক সমিতির প্রতিনিধিরা বলেন, ঢাকার বাস টার্মিনাল এলাকার যানজট নিরসনে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button