স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ডেঙ্গুতে একদিনে নতুন ভর্তি ২৭৪ : মৃত্যু ১

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২৭৪ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। এর মধ্যে খুলনায় ১৬ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন, বাগেরহাটে ৩ জন, যশোরে ২ জন, সাতক্ষীরায় একজন ও চুয়াডাঙ্গায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
শনিবার (৩ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৪ হাজার ১২৫ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১২ হাজার ৫১৭ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২২৩ জন। এ সময়ে ৩৩৭ জন রোগীকে অন্যত্র রেফার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর মধ্যে খুলনা জেলায় ১০৬ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮৫ জন, যশোরে ২৮ জন, সাতক্ষীরায় ২২ জন, নড়াইলে ৯ জন, কুষ্টিয়ায় ৯ জন, মেহেরপুরে ৬ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন এবং চুয়াডাঙ্গায় ৪ জন ভর্তি হয়েছেন। বাগেরহাট, ঝিনাইদহ ও মাগুরায় এ সময়ে নতুন কোনো রোগী ভর্তি হয়নি।
প্রতিবেদনে দেখা যায়, বর্তমানে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন খুলনা জেলায় ৪৩৯ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬১ জন। এছাড়া বাগেরহাটে ১৭৩ জন, যশোরে ১২৯ জন, সাতক্ষীরায় ৪৬ জন, ঝিনাইদহে ৩৬ জন, নড়াইলে ৩৪ জন, কুষ্টিয়ায় ৩০ জন, মেহেরপুরে ২৭ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, মাগুরায় ২০ জন এবং চুয়াডাঙ্গায় ৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তবে ৩০ সেপ্টেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছিল, সেটি ডেঙ্গুর উপসর্গজনিত মৃত্যু ছিল না। ফলে সংশোধিত হিসাবে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ২৫ জন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে খুলনা বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৪৮ জন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button