“শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে” – জেলা প্রশাসক হুরে জান্নাত

গভ. ল্যাবরেটরি হাই স্কুলের
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ গভঃ ল্যাবরেটরী হাই স্কুল খুলনার জুনিয়র ও প্রাথমিক বৃত্তি এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মিজ হুরে জান্নাত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একটি শিক্ষার্থীর মেধা বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি ৩ অক্টোবর শনিবার গভ. ল্যাবরেটরি হাই স্কুল শিক্ষা পরিবারের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চল, খুলনা এর উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান এবং সহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, খুলনা জোন ইসরান সরদার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবু হানিফের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস. এম, জহরুল ইসলাম।
বিদ্যালয় সহকারী শিক্ষক জুবায়ের আলমের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস,এম সাইফুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে জুনিয়র ও প্রাথমিক বৃত্তি এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



