কুমিল্লায় কিশোর গ্যাং লিডার রতনসহ ৩৬৩ জন আটক

প্রবাহ রিপোর্ট ঃ কুমিল্লার আলোচিত কিশোর গ্যাং নেতা ইমরান হোসেন ওরফে রতনসহ (২৫) ৩৬৩ জন কিশোরকে আটক করেছে পুলিশ। কুমিল্লা মহানগরীসহ জেলার ১৮টি থানায় পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) একযোগে অভিযান চালিয়ে এক রাতে তাদের আটক করে। শনিবার (৩ অক্টোবর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন। লুৎফর রহমান বলেন, শুক্রবার মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত কিশোর গ্যাং সন্দেহে জেলার বিভিন্ন থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, অভিযানে কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেই সব স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে রতনসহ মোট ৩৬৩ জনকে আটক করা হয়েছে। অপরাধের সঙ্গে তাদের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উঠতি বয়সী কিশোররা যেন অপরাধমূলক কর্মকা-ে জড়িত হতে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, এ বিষয়ে কঠোর মনিটরিং করা হচ্ছে। এই অভিযানে পুলিশ সুপারসহ পুলিশের সব ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। তিনি আরও বলেন এখনো অভিযান চলছে। অভিযান শেষ হলে বিস্তারিত পরে জানানো হবে।



