জাতীয় দলের ক্রিকেটারদের সুযোগ দিতে এনসিএলের সূচিতে পরিবর্তন

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০২৬-২৭ মৌসুমের প্রথম স্তরের তৃতীয় রাউন্ডের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা থাকলেও এক দিন পিছিয়ে তৃতীয় রাউন্ড শুরু হবে ১৮ অক্টোবর। চলবে ২১ অক্টোবর পর্যন্ত। জাতীয় দলের টেস্ট ক্রিকেটারদের অতিরিক্ত এক দিন বিশ্রামের সুযোগ করে দিতেই সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। এতে টেস্ট দলের ক্রিকেটাররা তৃতীয় রাউন্ড থেকেই এনসিএলে খেলতে পারবেন। নতুন সূচি অনুযায়ী, তৃতীয় রাউন্ডের ম্যাচগুলো হবে ১৮ থেকে ২১ অক্টোবর। তবে চতুর্থ রাউন্ডের সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের সূচি অনুযায়ীই ২৪ থেকে ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে চতুর্থ রাউন্ডের ম্যাচ। তৃতীয় ও চতুর্থ রাউন্ডের মধ্যে বিরতির সময় এক দিন কমিয়ে সূচির এই সমন্বয় করা হয়েছে। ফলে এনসিএলের পুরো আয়োজনের সময়কাল বাড়ছে না। চলতি মৌসুমের এনসিএলে আট বিভাগ অংশ নিচ্ছে। ৩ অক্টোবর শুরু হওয়া ২৮তম আসরে মোট সাত রাউন্ডে ২৮টি চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।



