যারা নেতাকর্মীদের বিপদে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যায়, তারা আর কখনো ফিরে আসে না–মোংলায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

# বৃষ্টিতে ভিজে ৪ কিলোটিার পায়ে হেটে মোংলায় আ’লীগের দেশব্যাপী নাশকতা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ #
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বলেছেন, যারা বিপদের মুহূর্তে নিজের নেতাকর্মীদের বিপদে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যায়, তারা আর কখনো ফিরে আসে না। আমরা স্পষ্টভাবে বলতে চাইÑবিএনপি কিন্তু গত ১৭টি বছর পালিয়ে যায়নি। চরম অত্যাচার, নির্যাতন, গুম ও খুন উপেক্ষা করে আমাদের প্রতিটি সহযোদ্ধা রাজপথে থেকেছে, আন্দোলন-সংগ্রাম করেছে এবং নিজ নিজ জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করেছে। আর যারা গোপনে হেলিকপ্টার যোগে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, তারা নাকি আবার ফিরে আসবেÑএমন স্বপ্ন আর চিন্তা করাও চরম বোকামি। ৫ আগস্টের পর থেকে মোংলা ও রামপালের মানুষ শান্তি ও স্বস্তির সাথে বসবাস করে আসছিল। সাধারণ মানুষ যখন একটি স্থিতিশীল পরিবেশে নিজেদের জীবন ও জীবিকা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে, ঠিক তখনই অতি উৎসাহী কিছু মহল আবারও নাশকতা ও অরাজকতার পথ বেছে নিয়েছে। তারা মনে মনে ভাবছে এবং স্বপ্ন দেখছে, তাদের নেত্রী আবারও দেশে ফিরে আসবেন। শনিবার (২১ নভেম্বর) দুপুরে মোংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে আ’লীগের দেশব্যাপী নাশকতা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। দুপুরে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। প্রবল বৃষ্টি উপেক্ষা করে পরিবেশ প্রতিমন্ত্রী নিজেই নেতাকর্মীদের সাথে প্রায় চার কিলোমিটার পথ পায়ে হেঁটে মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি মোংলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক আবু হোসেন পনির বক্তব্য রাখেন। তাদের বক্তব্যে দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির বিষয়টি উঠে আসে। বক্তারা বলেন, যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় তৃণমূল পর্যায়ে অর্থাৎ ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচি আরও জোরদার করতে হবে। এ ছাড়া, সমাবেশ থেকে বক্তারা গোপালগঞ্জ জেলার প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
সমাবেশে প্রতিমন্ত্রী আরও অভিযোগ করেন বলেন, আওয়ামী লীগ আজ অহেতুক স্বপ্ন দেখছে এবং দেশের বিভিন্ন জায়গায় নাশকতা ও অগ্নিসন্ত্রাস চালিয়ে যাচ্ছে। তারা ভেবেছিল, তাদের পাতা ফাঁদে পা দিয়ে বিএনপিও পাল্টা সহিংসতায় জড়াবে। কিন্তু বিএনপি অত্যন্ত ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আমরা কোনো রক্তপাত না করে বরং যারা এসব নাশকতা ও বিশৃঙ্খলার সাথে জড়িত, তাদের চিহ্নিত করার কাজ করেছি। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই নাশকতার সাথে যারাই জড়িত থাকুক না কেন, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, মোংলা-রামপালের প্রতিটি মানুষ শান্তি প্রিয়। নাশকতাকারীদের প্রতিহত করতে গিয়ে কোনো নিরীহ মানুষ যেন বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত বা হয়রানির শিকার না হয়, সেদিকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আওয়ামী লীগকে যদি এ দেশে নতুন করে রাজনীতি করতে হয়, তবে তাদের আদালতের মাধ্যমে বৈধতা নিয়ে এবং প্রচলিত আইনের প্রক্রিয়া অনুসরণ করেই রাজনীতি করতে হবে, এর বাইরে তাদের রাজনীতি করার আর কোনো সুযোগ নেই।
ইতিপূর্বে বিএনপির অনেক নেতা ফ্যাসিস্টদের সাথে গোপনে যোগাযোগ রক্ষা করে চলেছিলেন। এখন থেকে আর তা করতে দেওয়া হবে না, সুবিধাবাদী রাজনীতির দিন শেষ হয়ে গেছে। দলের ভেতরে এখনো যদি কারও আওয়ামী লীগের সাথে গোপন যোগাযোগ থেকে থাকে, তবে এখনই সুযোগ আছেÑসেখান থেকে বেরিয়ে আসুন। অন্যথায় কেউই পার পাবেন না। বিএনপির নাম ব্যবহার করে যারা গোপনে আওয়ামী লীগের সাথে লেনদেন বা তথ্য আদান-প্রদান করছেন, তাদের প্রত্যেকের তালিকা তৈরি করা হচ্ছে। প্রশাসন খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আমরা অনেক ছাড় দিয়েছি, আর কোনো ছাড় দেওয়া হবে না।
আজকের এই মঞ্চ থেকে আমি দল-মত নির্বিশেষে সবার উদ্দেশ্যে একটি কঠোর বার্তা দিতে চাই। এখন থেকে যারা নাশকতা, সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের সাথে যুক্ত থাকবেÑসে যদি আমাদের নিজেদের দল বিএনপিরও কেউ হয়, তাকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মনে রাখতে হবে, এই মুহূর্তে আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া মানেই হলো বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিটি মানুষের সুস্থ ধারার রাজনীতি করার অধিকার আছে। কিন্তু রাজনীতির নামে কেউ যদি নাশকতা, অরাজকতা, জঙ্গিবাদ কিংবা অগ্নিসন্ত্রাস করার চেষ্টা করে, তবে তাদের কঠোর হস্তে দমন করা হবে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আসুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোংলা-রামপালের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখি। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে মাহবুবুর রহমান মানিক, মোঃ এমরান হোসেন, নাসির তালুকদার, গোলাম নুর জনি, খোরশেদ আলম ও বাবলু ভূঁইয়াসহ উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



