জাতীয় সংবাদ

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার

প্রবাহ রিপোর্ট : আগামী ১২ অক্টোবর কমিশন সভা শেষে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ এবং কয় ধাপে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে তা আনুষ্ঠানিকভাবে জানাবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইউপি নির্বাচন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আমাদের সার্বিক প্রস্তুতি চলছে। আগামী সোমবার কমিশনের একটি গুরুত্বপূর্ণ সভা নির্ধারিত রয়েছে। ওই সভা শেষেই ঘোষণা করা হবে ইউপি নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপের ভোট কোন তারিখে অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সারা দেশের হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে এবং বেশ কিছু ইউপিতে মেয়াদ শেষের পথে। মাঠ পর্যায়ে স্থানীয় সরকারের এই বৃহৎ নির্বাচনের আবহ ইতোমধ্যেই তৈরি হয়েছে। সোমবারের কমিশন সভায় নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটার তালিকা হালনাগাদদের বিষয়গুলো নিয়ে চূড়ান্ত আলোচনার পর ভোটের রূপরেখা স্পষ্ট করা হবে।
এদিকে প্যাকেজ পোস্টাল ভোটিং চালুর বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের কারিগরি সহায়তা চেয়েছে নেপাল নির্বাচন কমিশন। এ নিয়ে দুই দিন ধরে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে নেপালের নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, বাংলাদেশের মতো প্রবাসী ভোটিং ব্যবস্থা চালু করতে চায় নেপাল। এ জন্য বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং সিস্টেম সম্পর্কে কারিগরি সহযোগিতা নিতে আগ্রহ দেখিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিটে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনসহ নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
তবে স্থানীয় সরকার নির্বাচনের বিস্তারিত সময়সূচি, ধাপ ও কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে-এসব বিষয়ে আগামী সোমবার কমিশনের সভার পরই স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button