রাতে একা চলাচলে জেলা পুলিশের নিষেধাজ্ঞা

# খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে পুলিশ
পরিদর্শক আহত #
স্টাফ রিপোর্টার : খুলনায় বিশেষ অভিযান শেষে ফেরার পথে তিন ছিনতাইকারীর হামলায় শাহ আলম (৪৩) নামে পুলিশের এক পরিদর্শক গুরুতর আহত হয়েছেন। ছিনতাইকারীরা তাঁর টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর ধারালো চাপাতি দিয়ে দুই হাতের কবজির ওপর আঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে রাতে একাকী চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে খুলনা জেলা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) খুলনা জেলা বিশেষ শাখা (ডিএসবি) থেকে জারি করা এক নির্দেশনায় বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের চলাচলে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে। আহত শাহ আলম খুলনা জেলা পুলিশের এ-সার্কেল অফিসে কর্মরত। খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, রূপসা থানা এলাকায় বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন পরিদর্শক শাহ আলম। পথে কলেজিয়েট স্কুলের সামনে তিন অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর রিকশার গতিরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কবজির ওপর আঘাত করে পালিয়ে যায় তারা।
পুলিশ সুপার আরও জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনিসুজ্জামান ওই রাতেই ঘটনাস্থলে ছুটে যান। আহত পুলিশ পরিদর্শককে তিনি নিজে এক ব্যাগ রক্ত দেন। পরে তাঁর দুই হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। এরপর পুলিশের সরকারি অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকায় নেওয়া হয়।
এদিকে, খুলনা জেলা বিশেষ শাখা (ডিএসবি) থেকে ৯ অক্টোবর জারি করা নির্দেশনায় বলা হয়েছে, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনাও পরিলক্ষিত হচ্ছে।
এ পরিস্থিতিতে বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে রাতে একাকী চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউনিটের ইনচার্জ ও সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বলা হয়েছে।



