স্থানীয় সংবাদ

সাংবাদিকতা পেশায় ৪০ বছর অতিক্রান্তকারী প্রবীণ সাংবাদিকদের বিশেষ সংবর্ধনা ও নৈশভোজ সম্পন্ন

# খুলনা প্রেসক্লাবের যুগান্তকারী উদ্যোগ #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা: সাংবাদিকতা পেশায় দীর্ঘ ও বর্ণাঢ্য পথপরিক্রমায় ৪০ বছর অতিক্রান্তকারী খুলনা প্রেসক্লাবের সম্মানিত প্রবীণ সদস্যদের গৌরবোজ্জ্বল অবদানকে সম্মান জানাতে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান ও নৈশভোজ অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ ১০ অক্টোবর, শনিবার, সন্ধ্যা ৬:৩০ মিনিটে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে এই জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি খুলনা প্রেসক্লাবের আয়োজনে এবং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সহযোগিতায় সফলভাবে বাস্তবায়িত হয়। উক্ত গৌরবোজ্জ্বল সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার এবং অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। সাংবাদিকতা শিল্পে প্রবীণ সদস্যদের চার দশকের ত্যাগ, নিষ্ঠা এবং সমাজ গঠনে তাদের অবিস্মরণীয় ভূমিকাকে স্মরণীয় করে রাখতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে ক্লাবের মোট ১৯ জন প্রবীণ সাংবাদিককে সম্মাননাস্বরূপ ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করে বিশেষ সম্মাননা জানানো হয়। সম্মাননাপ্রাপ্ত গুণী সাংবাদিকরা হলেন বেগম ফেরদৌসী আলী, আশরাফ-উল-হক, মুনির উদ্দিন আহমেদ, আহমদ আলী খান, কাজী মোতাহার রহমান, শেখ আবু হাসান, অমিয় কান্তি পাল, গৌরাঙ্গ নন্দী, মুহাম্মদ আবু তৈয়ব, শেখ দিদারুল আলম, মাসুদুর রহমান রানা, মোঃ আনিসুজ্জামান, মোঃ এরশাদ আলী, ড. মোঃ জাকির হোসেন এবং এস এম আতিয়ার রহমান। অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। শুভেচ্ছা ক্রেস্টপ্রাপ্ত অতিথিরা হলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান মিজানুর রহমান। অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। প্রবীণ সাংবাদিকরা তাদের চার দশকের দীর্ঘ পথচলায় সততা, সাহস ও বস্তুনিষ্ঠতার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা তরুণ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা আরও উল্লেখ করেন, প্রতিকূল পরিবেশেও প্রবীণ এই কলম সৈনিকরা সত্যের পক্ষে আপসহীন ভূমিকা পালন করে সমাজ গঠনে যে অবিস্মরণীয় অবদান রেখেছেন, তা খুলনা তথা দেশের সাংবাদিকতার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রবীণদের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনের সাংবাদিকতাকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান তারা। এর পাশাপাশি অনুষ্ঠানে ক্লাবের নির্বাহী পরিষদের সদস্যদেরও সম্মাননাস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাস্বরূপ ক্রেস্টপ্রাপ্ত নির্বাহী পরিষদের সদস্যরা হলেন, সহ-সভাপতি সোহরাব হোসেন, মোঃ জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, যুগ্ম-সম্পাদক মোঃ বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, ক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী, ক্লাবের নির্বহী মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, মো. আনিস উদ্দিন ও কে এম জিয়াউস সাদাত। সংবর্ধনা অনুষ্ঠান শেষে খুলনা প্রেসক্লাবের সম্মানিত সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধিদল, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে প্রবীণ সাংবাদিকদের এই গৌরবোজ্জ্বল মুহূর্তকে উদযাপিত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button