ফিলিস্তিনের মরিয়মের মাথায় আবারও বিশ্বসেরার মুকুট

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ সেমি-ফাইনালে জাপানি প্রতিপক্ষের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়। ফাইনালে স্পেনের প্রতিযোগীকে হারালেন দাপট দেখিয়ে। তাতেই আবার বিশ্বসেরার মুকুট উঠল মরিয়ম বাশারাতের মাথায়। পোল্যান্ডে বিশ্ব কারাতে চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ফিলিস্তিনকে আরও একবার গর্বের উপলক্ষ এনে দিলেন এই তরুণী। পোল্যান্ডের বিয়েলস্কো-বিয়ালা শহরে শনিবার বিশ্ব ক্যাডেট, জুনিয়র ও অনূর্ধ্ব-২১ কারাতে চ্যাম্পিয়নশিপে মেয়েদের জুনিয়র কুমিতে অনূর্ধ্ব-৬৬ কেজি বিভাগে সোনা জিতেছেন বাশারাত। ফাইনালে স্পেনের নোয়া লোপেস গনসালেসকে ৩-১ ব্যবধানে হারান ফিলিস্তিনি এই প্রতিযোগী। এর আগে সেমি-ফাইনালে জাপানের ওয়াকানা কারিকোমির বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়তে হয়েছিল বাশারাতকে। রোমাঞ্চকর লড়াইয়ে ৮-৭ ব্যবধানে জিতে ফাইনালে জায়গা করে নেন তিনি। তবে শিরোপা নির্ধারণী লড়াইয়ে তুলনামূলক বেশি নিয়ন্ত্রণ ছিল বাশারাতের। স্প্যানিশ প্রতিপক্ষকে হারিয়ে নিজের বিশ্বসেরার খেতাব ধরে রাখেন তিনি। ২০২৪ সালে ক্যাডেট বিভাগেও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন বাশারাত। এবার জুনিয়র বিভাগে সোনা জিতে যোগ করলেন আরেকটি বড় অর্জন। বিশ্ব কারাতে ফেডারেশনের (ডব্লিউকেএফ) জুনিয়র মেয়েদের অনূর্ধ্ব-৬৬ কেজি বিভাগের র্যাংকিংয়েও শীর্ষে আছেন তিনি। বিশ্ব ও এশিয়ান চ্যাম্পিয়নশিপের পাশাপাশি কারাতে ওয়ান ইয়ুথ লিগেও ধারাবাহিক সাফল্য পেয়েছেন বাশারাত। এই প্রতিযোগিতায় এরই মধ্যে তিনটি শিরোপা জিতেছেন তিনি। এশিয়ান পর্যায়েও চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে তার। পোল্যান্ডে বাশারাতের সাফল্যের সাক্ষী হতে গ্যালারিতে উপস্থিত ছিলেন দেশটিতে বসবাসরত ফিলিস্তিনি সম্প্রদায়ের সদস্যরাও। ফাইনালে স্বদেশি প্রতিযোগীকে উৎসাহ দিতে হাজির হন তারা। সেখানে উপস্থিত ছিলেন পোল্যান্ডে ফিলিস্তিনি সম্প্রদায়ের সভাপতি ড. মুহাম্মদ সালেহ। তার মতে, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফিলিস্তিনের অংশগ্রহণই পোল্যান্ড, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত ফিলিস্তিনিদের জন্য গর্বের বিষয়। সেই গর্ব আরও বাড়িয়ে দিলেন বাশারাত। বিশ্বমঞ্চে আরেকটি সোনা জিতে ফিলিস্তিনের কারাতেকে নতুন করে আলোচনায় নিয়ে এলেন এই তরুণী।



