জাতীয় সংবাদ

ডিআইজি’র বাড়িতে ডিজে পার্টি ও মাদকের আসর

বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার, নারীসহ আটক ৮৪
অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির প্রত্যাহার

প্রবাহ রিপোর্ট : পুলিশ সদর দপ্তরের এডিশনাল ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসায় সোমবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাতভর ডিজে পার্টি, মাদকসেবনসহ মাদকের কারবার পরিচালিত হয়- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকার ওই বাসায় (পুলিশ হাউজিং-১) অভিযান পরিচালনা করে গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল। অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও নারীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই বাসাটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাসা। তিনি বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদকসেবন, ডিজে পার্টি পরিচালিত হচ্ছিল। সেখান থেকে ২৬ জন মহিলা ও ৫৮ জন পুরুষকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। আটকদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও আছেন। এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এয়ারবিএনবি হলো একটি অনলাইন মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বিশ্বজুড়ে মানুষ তাদের বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভিলা বা রুম স্বল্প ও দীর্ঘ সময়ের জন্য পর্যটক বা অতিথিদের কাছে ভাড়া দিতে পারেন এবং অতিথিরা বুকিং করতে পারেন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাসা থেকে গাঁজা, ইয়াবা, মদ, কনডম জব্দ করা হয়েছে। এছাড়া ইয়াবা খাওয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
গোয়েন্দা উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস কবির বলেন, ওই বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। ওখানে একজন কোহোস্ট ও হোস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। কোহোস্ট মাহবুবুল আলম আটক আছেন। এয়ারবিএনবিকে ভাড়া দেওয়া হলেও ওই বাসা থেকে যা আয় হতো তার ৭০ শতাংশ নিতেন জহির।
ডিবি পুলিশের একটি সূত্রে জানান, অ্যাডিশনাল ডিআইজি আটক কোহোস্টকে ছেড়ে দেওয়ার জন্য তদবিরও করেছিলেন। আড়াই তলার থ্রিপ্লেক্স বাড়িটিতে প্রতি রাতেই অবৈধভাবে মদসহ ডিজে পার্টির আয়োজন করা হতো।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, বাড়িটিতে দীর্ঘদিন ধরে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টির আসর বসে আসছিল। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অনলাইনে বাড়িটি ভাড়া দেওয়া হতো বলেও জানান তিনি। গত সোমবার রাতে শুরু হওয়া এই অভিযান মঙ্গলবার পর্যন্ত চলে। অভিযানে মদ, সিনথেটিক মাদক, সিসা ও বিয়ার উদ্ধার করা হলেও মাদকের সুনির্দিষ্ট ধরন ও পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। মঙ্গলবার বিকেল পর্যন্ত ওই বাড়িতে তল্লাশি ও আলামত সংগ্রহের কাজ চলে।
এ বিষয়ে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির জানান, ট্রাভেলারসহ বিভিন্ন ধরনের মানুষ অস্থায়ীভাবে থাকা কিংবা সামাজিক অনুষ্ঠান করার জন্য নিয়ম মেনে বাড়িটি ভাড়া নেন। দীর্ঘদিন ধরেই তিনি এভাবেই বাড়িটি ভাড়া দিয়ে আসছেন। জহিরের দাবি, গত সোমবার রাতের জন্মদিনের পার্টি আয়োজনের জন্য বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। ভাড়ার শর্তে মদ, ওয়াইন এবং যেকোনো ধরনের মাদক ও অবৈধ কার্যকলাপ কঠোরভাবে নিষিদ্ধ বলে উল্লেখ রয়েছে।
অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার : অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
এর আগে রাজধানীর পূর্বাচলে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ ৮৫ জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের মধ্যে ২৬ জন নারী ও ৫৯ জন পুরুষ।
ডিবি জানিয়েছে, ওই বাড়িতে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হতো। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে এসব পার্টিতে লোকজনকে আমন্ত্রণ জানানো হতো। অভিযানে সেখান থেকে পাঁচ বোতল মদ ও বিপুল পরিমাণ সিনথেটিক মাদক জব্দ করা হয়েছে।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, পূর্বাচলের ওই বাড়িতে থেকে ৮৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২৬ জন নারী। অভিযানে পাঁচ বোতল মদ ও সিনথেটিক মাদক জব্দ করা হয়েছে। বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। তিনি বাড়িটি ভাড়া দিয়েছিলেন। ভাড়াটিয়ারা সেখানে ডিজে পার্টির আয়োজন করতেন এবং এসব আয়োজনের জন্য অনলাইনে বিজ্ঞাপন প্রচার করতেন।
ডিবি সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে ওই বাড়িতে অভিযান শুরু করে ডিবি।
তবে, আটকদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জব্দ করা সিনথেটিক মাদকের ধরণ ও পরিমাণ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এখনো বিস্তারিত জানানো হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button