স্থানীয় সংবাদ

তেরখাদায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ : আতঙ্কে দোকানপাট বন্ধ

স্টাফ রিপোর্টার ঃ খুলনার তেরখাদায় ব্যক্তিগত বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কাটেঙ্গা বাজারে দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সংঘর্ষকে কেন্দ্র করে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় অধিকাংশ দোকানপাট, ব্যাহত হয় বেচাকেনা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুর্গাপূজার ম-পে পূজা দেখতে যাওয়াকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের ভাই রিয়াদ শেখ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবিরের ছেলে তাসিম মোল্লার মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে কাটেঙ্গা বাজারে দুই পক্ষের লোকজন জড়ো হন। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে।
হঠাৎ সংঘর্ষ শুরু হওয়ায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। প্রায় দুই ঘণ্টা বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়।
খবর পেয়ে তেরখাদা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের তৎপরতায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী। তিনি বলেন, রিয়াদ শেখ ও তাসিম মোল্লার মধ্যে তুচ্ছ একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। বিষয়টি সমাধানে উপজেলা বিএনপির নেতারা আলোচনায় বসার উদ্যোগ নিয়েছিলেন। উপজেলা যুবদলের নেতা রহমান কবির ও সাব্বির আহমেদ টগরকে নিয়ে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরিকল্পনা ছিল। তবে এর আগেই সংঘর্ষের ঘটনা ঘটে।
চৌধুরী কাওসার আলী আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল এ বিষয়ে প্রতিনিধি পাঠাচ্ছেন। তাঁদের মাধ্যমে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button