বোল্ড অবতারে জয়া আহসান বললেন ‘প্রেমে পড়া বারণ’

প্রবাহ রিপোর্ট ঃ অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি ব্যক্তিত্ব ও ফ্যাশন-সচেতনতার কারণেও প্রায়ই আলোচনায় আসেন অভিনেত্রী জয়া আহসান। পশ্চিমা পোশাক হোক কিংবা ঐতিহ্যবাহী শাড়ি- সব ধরনের সাজেই নিজের স্বকীয়তা, রুচি ও আত্মবিশ্বাসের ছাপ রাখেন তিনি। এবার শ্যাম্পেন পিংক রঙের স্যাটিন ম্যাক্সি গাউনে বোল্ড লুকে ধরা দিলেন জয়া আহসান। গোলাপি ও বেইজের মিশ্রণের এই পোশাকে তার আবেদনময়ী উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘সেক্সি অ্যাজ পিংক’। অন্যদিকে, ফেসবুকে একটি ছবি প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘প্রেমে পড়া বারণ’। আরও কয়েকটি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘গোলাপির ছোঁয়া, ঝামেলার শেষ নেই।’ ছবিগুলোর মন্তব্যের ঘরে জয়ার রূপ ও সাজের প্রশংসা করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ছবি যখন কথা বলে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’ দীর্ঘ অভিনয়জীবনে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জয়া আহসান। পশ্চিমবঙ্গে সবশেষ তাকে দেখা গেছে ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায়। এটি ২০২৩ সালে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র পরবর্তী অধ্যায়। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমাটিতে জয়ার পাশাপাশি অভিনয় করেছেন কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্যসহ অনেকে। এদিকে, বাংলাদেশে শিগগিরই রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র বিচারকের আসনে দেখা যাবে জয়া আহসানকে। এর আগে বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করলেও রান্নাবিষয়ক অনুষ্ঠানে এবারই প্রথম বিচারক হিসেবে দেখা যাবে এই অভিনেত্রীকে।



