গোপালগঞ্জে মদ্যপানে ২ যুবকের মৃত্যু

প্রবাহ রিপোর্ট : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিষাক্ত মদ্যপানে অসুস্থ হয়ে ২ যুবকের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় অনিল বাড়ৈ নামে আরও এক যুবক ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আরও একজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গত শনি ও রবিবার কোটালীপাড়া উপজেলার দিঘলীয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের দিঘলীয়া গ্রামের গেদু বাড়ৈর ছেলে কৃষ্ণকান্ত বাড়ৈ (৩৫) ও একই গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে মনোতোষ হালদার (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ অক্টোবর) ষষ্ঠী পূজার দিন রাতে দিঘলীয়া গ্রামের মনোতোষ হালদার, কৃষ্ণকান্ত বাড়ৈ ও অনিল বাড়ৈ মিলে মদ্যপান করেন। মদ্যপান করার পরে রাতে ওই তিন যুবক অসুস্থ হয়ে পড়লে এলাকার লোকজন প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্বাস্থ্য কমপ্লেক্সে এই তিন যুবকের শারীরিক অবস্থার অনবতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। পরবর্তীতে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার মনোতোষ হালদার ও রবিবার সোহরাওয়ার্দী হাসপাতালে কৃষ্ণকান্ত বাড়ৈ মারা যায়।
মৃত কৃষ্ণকান্ত বাড়ৈর ভাই বিষ্ণু বাড়ৈ বলেন, দূর্গাপূজা উপলক্ষে আমার ভাই কৃষ্ণান্তসহ তিনজন ডেকোরেটরের কাজ করতে পাশের গ্রাম খাগবাড়ি যায়। সেখানে কয়েকজনে মিলে মদ্যপান করে। মদ্যপানে কয়েক ঘন্টা পর অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চরণ বাগচী বলেন, দুর্গাপূজার সময় সমবয়সী চার-পাঁচজন তরুণ তরল জাতীয় কিছু একটা পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। একজন এখনো চিকিৎসাধীন রয়েছে। আরও একজন নিখোঁজ আছে বলে শুনেছি।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াদ মাহামুদ বলেন, আমরা এ বিষয়ে অবগত নই। কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



