কেসিসির অবৈধ ফুটপাত দখলদার উচ্ছেদ অভিযান

# ৩৪টি অবৈধ ইজিবাইক আটক #
স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃহস্পতিবার দিন ব্যাপী নগরীর ফুটপাত অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান পরিচালনা করে। দখলদার স্থাপনা এ অভিযানে উচ্ছেদ করে রেকর্ড করেছে কেসিসি। কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান চলে। এটা নগরবাসী ইতিবাচক হিসেবে দেখছে। সকালে টিমটি নগরীর গল্লামারি এলাকায় উচ্ছেদ অভিযান চালায়। তবে অধিকাংশ সড়কে উচ্ছেদ টিমটি আসার আগেই দখলদাররা নিজ উদ্যোগে ফুটপাত খালি করে দেয়। এছাড়া তারা শিববাড়ি মোড়ে চেকিং পয়েন্ট বসিয়ে অবৈধ ইজিবাইক আটক করে। তারা ৩৪টি ইজিবাইক আটক করে জোড়াগেট ডাম্পিং পয়েন্টে হস্তান্তর করে বলে পেশকার শহিদুল ইসলাম জানান। নগরীর শেরে বাংলা রোডে আমতলা মোড়ে ফুটপাতে নির্মাণ সামগ্রী রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে কেসিসি সূত্রটি জানায়। তবে এ অভিযানে নগরীতে ব্যাপক সাড়া পড়েছে। সচেতন নগরবাসীর দাবি এ অভিযান কেসিসি যেন অব্যাহত রাখেন।



