দুই সাংবাদিকের ওপর হামলা: সিলেটে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম

প্রবাহ রিপোর্ট ঃ সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে নগরী। এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে। হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিক্ষোভ-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ থেকে হামলায় জড়িত ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতাল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আয়োজকেরা। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নগরের চৌহাট্টা থেকে বিক্ষোভ মিছিলটি বের করে সিলেট কল্যাণ সংস্থা। সংস্থাটির প্রতিষ্ঠাতা এহসানুল হক তাহেরের নেতৃত্বে মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে সংগঠনের শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। মিছিল চলাকালে সাংবাদিকদের ওপর হামলার বিচার ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে এহসানুল হক তাহের বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি স্বাধীন সাংবাদিকতা ও পেশাগত দায়িত্ব পালনের অধিকারের ওপর সরাসরি আঘাত। তিনি বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রী ও চ্যানেল এসের ক্যামেরাপারসন রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের প্রতিবেদক নিবেন্দু তালুকদার হামলার শিকার হয়েছেন। চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত ব্যক্তিদের এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। তাহের আরও বলেন, ওসমানী হাসপাতালকে অনিয়ম, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার ঊর্ধ্বে রাখতে হবে। হাসপাতালের কোনো কর্মকর্তা-কর্মচারী, নার্স, আনসার সদস্য, ওয়ার্ডবয় কিংবা ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে অবহেলা বা অনিয়মের অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। ঘটনার সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দায়িত্ব পালনে কারও অবহেলা প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সমাবেশ থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে বহিষ্কারমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সিলেটের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন আয়োজকেরা। এদিকে, দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সমাবেশের ডাক দিয়েছেন সিলেটের সাংবাদিকেরা। ‘সিলেটের সর্বস্তরের সাংবাদিকদের’ ব্যানারে শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন নেতারা।



