জয়ের ৮২ : নাসুমের ফাইফার

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ মাহমুদুল হাসান জয়ের ব্যাটে লড়াইয়ের পুঁজি গড়ার স্বপ্ন দেখেছিল চট্টগ্রাম। কিন্তু বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের ঘূর্ণিতে সেই স্বপ্ন পূরণ হয়নি। জয়ের ৮২ রানের ইনিংসে থামিয়ে দিয়ে সিলেটের নাসুমের ফাইফার তুলে নিয়েছেন। আর তাতেই চট্টগ্রামের প্রথম ইনিংস থেমেছে ২১০ রানে। ৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনশেষে ৯৭ রানের ব্যবধানে এগিয়ে আছে সিলেট বিভাগ। রোববার ৩৮ ওভারে ২ উইকেটে ৮৯ রান করেছে সিলেট। ওপেনার মুবিন আহমেদ ১০ এবং অধিনায়ক জাকির হাসান ৩৫ রান করে ফিরেছেন। তবে উইকেটে আছেন সৈকত আলী ৩৬ রানে এবং অমিত হাসান ৪ রানে। চট্টগ্রামের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মো. রুবেল ও মাহমুদুল হাসান জয়। সব মিলিয়ে সিলেটের লিড এখন ৯৭ রান। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে সিলেট। তবে লোয়ার অর্ডারের দৃঢ়তায় শেষ পর্যন্ত ২১৮ রান সংগ্রহ করে দলটি। সর্বোচ্চ ৫১ রান করেন মো. আশরাফুল হাসান রিয়াদ। এছাড়া অমিত হাসান ৩৪, মুবিন আহমেদ দিশান ও তোফায়েল আহমেদ রায়হান করেন ২৯ রান করে। চট্টগ্রামের হয়ে হাসান মুরাদ ৪টি, আশরাফুল হাসান ৩টি এবং সঞ্জিত মজুমদার ২টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রামকে ভালো শুরু এনে দেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ১০৪ বলে ৮ চার ও এক ছক্কায় ৮২ রান করেন তিনি। দলীয় ১৩০ রানে জয়ের বিদায়ের পর অবশ্য চাপে পড়ে চট্টগ্রাম। অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী ৭০ বলে ৪১ রান করে অপরাজিত থাকলেও অন্য ব্যাটাররা সেভাবে প্রতিরোধ গড়তে পারেননি। শেষ পর্যন্ত ২১০ রানেই গুটিয়ে যায় চট্টগ্রামের প্রথম ইনিংস। সিলেটের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নাসুম আহমেদ। ২৫ ওভার বোলিং করে ৫ মেডেনসহ ৭২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। তাতে প্রথম ইনিংসে ৮ রানের লিড পায় সিলেট।



