জাতীয় সংবাদ

আলোচনায় শেখ হাসিনার নতুন পাসপোর্ট, আবেদনকারী কে?

প্রবাহ রিপোর্ট : নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন বরাবর যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে শেখ হাসিনার পক্ষে করা আবেদনের ওই চিঠিটি চ্যানেল টোয়েন্টিফোরের কাছে এসেছে বলে জানিয়েছে।
চ্যানেল টোয়েন্টিফোরের তথ্যমতে, চিঠিতে শেখ হাসিনার আইনজীবী লিখেছেন, আমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি পরামর্শদাতা (আইনজীবী) হিসেবে আমার ক্ষমতাবলে এ চিঠি লিখছি। অন্তর্র্বতী সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক আমাদের মক্কেলের (শেখ হাসিনা) বর্তমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করার খবরের প্রেক্ষিতে আমি আপনাকে আমাদের মক্কেলের জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
তিনি আরও লিখেছেন, আমাদের এ অনুরোধটি তার (শেখ হাসিনা) বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে, বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো বাধ্যবাধকতা এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের প্রযোজ্য বাধ্যবাধকতা অনুসারে করা হয়েছে। হাইকমিশন যদি এ বিষয়টি পরীক্ষা করে দেখে এবং আবেদনগুলো দ্রুত প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নথিপত্রের বিষয়ে আমাদের পরামর্শ দেয়, তবে আমরা কৃতজ্ঞ থাকব। আমরা আশা করি, এ অনুরোধটি সময়মতো বিবেচনা করবেন। আপনার সদয় দৃষ্টি ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, এর আগে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য শেখ হাসিনা আবেদন করেছেন। এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাস কিংবা ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
রয়টার্সের তথ্যমতে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন-সংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটিই হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।
ওই চিঠিটি পাঠিয়েছেন লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা। দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, অন্তর্র্বতী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা অনুসরণ করে দ্রুত নতুন পরিচয়পত্র দুটি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদ- দেন।
শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। তার দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।
এদিকে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে। তার প্রত্যাবর্তনের উদ্যোগ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছে রয়টার্স।
অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবী : এদিকে, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কোনো পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি আইনি প্রতিষ্ঠান থেকে হাসিনার পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য অনুরোধ করা হয়েছে। ওই প্রতিষ্ঠান থেকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এক ইমেইলে এ অনুরোধ করা হয়েছে। তবে ওই ইমেইলে আইনি প্রতিষ্ঠানটিকে শেখ হাসিনার দেওয়া কোনো অথরাইজেশন নেই এমনটিই জানিয়েছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান। ইমেইলে পাঠানো অনুরোধটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে সাইদুর রহমান বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটি ইমেইল পেয়েছি। তাতে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ এসেছে।’
তিনি বলেন, ‘অনুরোধটি সঠিক কি না, সেটি আমরা জানি না। এটি যে শেখ হাসিনার পক্ষের অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ইমেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।’
এর আগে, সোমবার (৯ নভেম্বর) সকালে এ সংক্রান্ত খবর প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। খবরে দাবি করা হয়, ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
এদিকে শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবরের প্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনার বিচারের মামলার রায় হয়ে গেছে। বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না।
অন্যদিকে, পলাতক দ-িত আসামি শেখ হাসিনাকে প্রত্যর্পণ আইন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ফেরত আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুনেছি দ-িত আসামি শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন। পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদনের সত্যতা যাচাই করে আইনগত ভিত্তি খতিয়ে দেখা হবে।’
বিভিন্ন স্থানে ককটেল হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘যে পতিত শক্তি অস্থিরতা সৃষ্টি করতে মাঝেমধ্যে কিছু স্থাপনা ও বাসে আক্রমণ করছে তাদের কঠোরভাবে দমন করা হবে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button