স্থানীয় সংবাদ

চিকিৎসকদের ‘নো সিকিউরিটি : নো সার্ভিস’ ঘোষণা

৯৯৯-এ ফোন করেও দুই ঘণ্টা পর পুলিশ :
# হাসপাতালে হামলা-চাঁদাবাজি বন্ধে সাত দিনের আলটিমেটাম #

স্টাফ রিপোর্টার ঃ হাসপাতালে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় ৯৯৯-এ ফোন করেও তাৎক্ষণিক পুলিশি সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন খুলনার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা। কোনো কোনো প্রতিষ্ঠানে হামলার ঘটনার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ পৌঁছেছে বলে জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। এ পরিস্থিতিতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত না হলে চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। হামলা ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। এর মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে স্মারকলিপি দেওয়ার পর পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় নগরীর সাতরাস্তা মোড়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখার মিলনায়তনের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ‘সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে’ জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ কর্মসূচির আয়োজন করেন। সমাবেশে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল বলেন, যেসব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটেছে, সেসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অভিযোগ, ৯৯৯-এ ফোন করার পরও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়নি। কোনো কোনো ক্ষেত্রে হামলার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ এসেছে। অথচ খবর পাওয়ার পর পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে সাধারণত সর্বোচ্চ ১৫ থেকে ২০ মিনিট সময় লাগার কথা। কেন এত দেরি হচ্ছে, এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প পরিচালক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. ছালেহ বলেন, সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। এসব ঘটনার প্রতিবাদে তাঁরা রাস্তায় নেমেছেন। পুলিশ প্রশাসন জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবেন।
সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করতে পারেন না। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হলে তাঁরা চিকিৎসাসেবা দেবেন। অন্যথায় চিকিৎসাসেবা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। এ অবস্থান তুলে ধরে তাঁরা বলেন, ‘নো সিকিউরিটি, নো সার্ভিস।’
বক্তারা অভিযোগ করেন, নগরীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে চাঁদা দাবি করা হচ্ছে। দাবি পূরণ না করলে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। চিকিৎসকদেরও নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে। এসব ঘটনায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয় বলেও অভিযোগ করেন তাঁরা। তাঁরা বলেন, আগামী সাত দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হবে। এরপরও কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে খুলনার সব চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীকে নিয়ে পূর্ণ কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বক্তারা আরও বলেন, একসময় খুলনা শান্তির শহর হিসেবে পরিচিত ছিল। বর্তমানে সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যাকা-ের ঘটনায় সেই পরিবেশ নষ্ট হচ্ছে। গত কয়েক মাসে প্রায় অর্ধশত মানুষ হত্যার শিকার হয়েছেন বলেও সমাবেশে দাবি করা হয়। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা অব্যাহত থাকলে চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই হামলা ও চাঁদাবাজিতে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য পুলিশ ও নির্বাহী প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা। সমাবেশে আরও অভিযোগ করা হয়, বেসরকারি ক্লিনিক মালিক ও চিকিৎসকদের অনেকে চাঁদাবাজি এবং প্রাণনাশের হুমকির ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না। তাঁদেরও সম্মিলিত আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ও আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদার দাবিতে হুমকির পর ১৩ দিন ধরে নগরের টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসি বন্ধ রয়েছে। ভয়ে প্রতিষ্ঠানটির মালিক ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে পারছেন না। এ ঘটনায় থানায় মামলাও করেননি তিনি। এর আগে গত ২৪ অক্টোবর রাতে নগরের বাবু খান রোডের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে হামলা চালায় দুর্বৃত্তরা। চাঁদার দাবিতে চালানো এ হামলায় দুই চিকিৎসকের কক্ষ, কাউন্টার ও একটি টেলিভিশন ভাঙচুর করা হয়। আতঙ্ক সৃষ্টির জন্য সেখানে গুলিও করা হয়। পরদিন দুপুরে একই মালিকের অন্য একটি প্রতিষ্ঠানে সশস্ত্র মহড়া দেয় দুর্বৃত্তরা। সেখানে উপস্থিত এক চিকিৎসকের ঘাড়ে পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
গত ৩ নভেম্বর সন্ধ্যায় নগরের শামসুর রহমান রোডের আব্দুল্লাহ প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালায় দুর্বৃত্তরা। ক্যানসারের নমুনা সংগ্রহের বিষয়কে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে বলে প্রথমে জানা গেলেও পরে চাঁদা দাবির বিষয়টি সামনে আসে। ভাঙচুরের সময় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এসব ঘটনায় প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে মামলা করা হয়নি। এ ছাড়া নগরের আরও অনেক ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ মানসম্মান ও জীবনের নিরাপত্তার ভয়ে নীরবে চাঁদা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button