জাতীয় সংবাদ

সরকারি চাকরিতে ৫ লাখের বেশি নিয়োগের উদ্যোগ

তিন ধাপে পরিকল্পনা

প্রবাহ রিপোর্ট : দেশের সরকারি বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পাঁচ লাখেরও বেশি শূন্যপদ পূরণে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি পৃথক কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সময়সীমা নির্ধারণ করে কাজ এগিয়ে নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানানো হয়। সংসদে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের লিখিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে এ তথ্য তুলে ধরেন মো. আব্দুল বারী। লিখিত প্রশ্নে দেশের মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং জেলা-উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরগুলোতে কত পদ খালি রয়েছে এবং সেসব পদ পূরণে সরকারের পরিকল্পনা কী, তা জানতে চান সংসদ সদস্য।
জবাবে জানানো হয়, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি জনবলের তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ অনুযায়ী, দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এ বিপুলসংখ্যক পদে জনবল নিয়োগের বিষয়টি সরকারের ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিকল্পনায় স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও এ সময় জানানো হয়। এ প্রসঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি এবং শূন্যপদ পূরণের তথ্য চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।
পাশাপাশি দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্য পদের বিপরীতে জনবল নিয়োগের জন্য সময়ভিত্তিক কর্মপরিকল্পনা তৈরির অনুরোধ জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ ইতোমধ্যে নিয়োগ কার্যক্রম শুরু করেছে বলেও সংসদে জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button