স্থানীয় সংবাদ

পাটকল বন্ধের ছয় বছর: শ্রমিকের জীবনে কাটেনি দুর্দশা : অনিশ্চিত ভবিষ্যৎ

# পাওনা টাকা শেষ, বাড়ছে ঋণের বোঝা
# অনিশ্চয়তায় সন্তানদের শিক্ষা-চিকিৎসা,
# দিনমজুরি, রিকশা চালানো, চায়ের দোকান কিংবা ফেরি করার মত বিকল্প পেশায় অনেকে
# ইজারায় মিল চালু হলেও আগের শ্রমিকদের কাজ পাওয়ার নিশ্চয়তা নেই।

কামাল মোস্তফা ঃ বাবার হাত ধরে প্রায় ৫০ বছর আগে চাঁদপুর থেকে খুলনার খালিশপুরে এসেছিলেন আবদুর রশিদ। তখন তাঁর বয়স ৮ থেকে ১০ বছর। ক্রিসেন্ট জুট মিলে চাকরি করতেন তাঁর বাবা। কয়েক বছর পর বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে তাঁকেও যোগ দিতে হয় ওই মিলে। দীর্ঘ ৩০ বছর কাজ করে সংসার চালিয়েছেন। কিন্তু ২০২০ সালের ১ জুলাই রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত তাঁর জীবনে বড় ধাক্কা হয়ে আসে। সরকারের লোকসান কমানোর উদ্যোগে বন্ধ হয়ে যায় রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। কর্মহীন হয়ে পড়েন হাজারো শ্রমিক। দীর্ঘদিন বেকার থাকার পর সাত সদস্যের সংসার চালাতে আবদুর রশিদ শুরু করেন খাবারের হোটেলের ব্যবসা। কিন্তু আয় দিয়ে সংসারের ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ায় বড় দুই ছেলেকে স্কুল থেকে ছাড়িয়ে কাজে লাগাতে বাধ্য হন। যে চাকরি দিয়ে একসময় পরিবারের জীবিকা নির্বাহ করতেন, সেই চাকরি হারানোর প্রভাব এখনো বয়ে বেড়াচ্ছেন তিনি। ক্রিসেন্ট জুট মিলের সাবেক অস্থায়ী শ্রমিক জাহানারা খাতুনের জীবনেও এসেছে একই সংকট। দীর্ঘদিন মিলে কাজ করে যে আয় করতেন, তা দিয়েই চলত সংসার। চাকরি হারানোর পর ক্ষতিপূরণের টাকা দিয়ে কিছুদিন চললেও পরে দৈনন্দিন ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ে। বয়স বাড়ায় নিয়মিত কাজ পাওয়ার সুযোগও কমেছে। এখন এনজিওর ঋণের ওপর নির্ভর করেই চলছে তাঁর সংসার। ছয় বছরেও ফেরেনি স্বাভাবিক জীবন: আবদুর রশিদ ও জাহানারা খাতুনের মতো হাজারো শ্রমিকের জীবনের গল্প জড়িয়ে আছে খুলনার খালিশপুর ও দৌলতপুর শিল্পাঞ্চলের পাটকলগুলোর সঙ্গে। মিল বন্ধ হওয়ার পর কেউ রিকশা চালাচ্ছেন, কেউ দিনমজুরি করছেন, আবার কেউ খরচ কুলাতে না পেরে ছেড়েছেন শহর। ছয় বছর পরও অনেক সাবেক শ্রমিকের ভাগ্যে জোটেনি স্থায়ী কর্মসংস্থান। চাকরি হারানোর পর পাওয়া প্রাপ্ত বকেয়া টাকা অনেকেরই শেষ হয়ে গেছে। বিকল্প পেশায় যুক্ত হলেও আগের মতো নিয়মিত আয় নিশ্চিত করতে পারছেন না তাঁরা। অন্যদিকে পরিবারের সদস্যদের চিকিৎসা, সন্তানদের পড়াশোনা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে গিয়ে অনেকে ঋণগ্রস্থ হয়েছেন। প্রতি মাসে এনজিওর ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে নতুন করে সংকটে পড়ছেন সাবেক শ্রমিকেরা। শুধু কর্মসংস্থান হারানো নয়, দীর্ঘমেয়াদে বদলে গেছে তাঁদের পারিবারিক জীবনযাত্রা। কোনো পরিবারে সন্তানদের পড়াশোনা বন্ধ হয়েছে, কোনো পরিবারে চিকিৎসার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। আবার কোনো পরিবারকে টিকে থাকতে নির্ভর করতে হচ্ছে ঋণ ও অনিয়মিত আয়ের ওপর। জগন্নাথ বিশ্ববিদ্যাল জার্নাল অব বিজনেস স্টাডিজে ২০২৪ সালে প্রকাশিত খুলনা অঞ্চলের ছাঁটাই হওয়া শ্রমিকদের ওপর এক গবেষণায় দেখা গেছে, চাকরি হারানোর প্রভাব শুধু আয় কমে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি; খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্য, সামাজিক মর্যাদা ও সন্তানদের শিক্ষার সুযোগেও নেতিবাচক প্রভাব পড়েছে। ৩০ জন সাবেক শ্রমিকের সাক্ষাৎকারভিত্তিক ওই গবেষণায় অংশগ্রহণকারীদের ২৭ শতাংশ তখনও বেকার ছিলেন। অন্যদের অনেকে দিনমজুরি, রিকশা চালানো, চায়ের দোকান কিংবা ফেরি করে পণ্য বিক্রির মতো অনিশ্চিত পেশায় যুক্ত হন।
কর্মসংস্থানের পাশাপাশি ক্ষতিগ্রস্থ শিক্ষা ও স্বাস্থ্য:
গবেষণায় আরও উঠে এসেছে, নিয়মিত আয় হারিয়ে অনেক শ্রমিক পুষ্টিকর খাবার কমিয়ে দিয়েছেন, চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খেয়েছেন এবং সন্তাদের পড়াশোনার খরচ কমাতে বাধ্য হয়েছেন।
শ্রমিকদের এই অভিজ্ঞতা বলছে, পাটকল বন্ধের প্রভাব কেবল কর্মহীনতার মধ্যে সীমাবদ্ধ থাকেনি; তা ছড়িয়ে পড়েছে পরিবারের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রেও।
পাওনা বুঝে পেলেও সংকট কাটেনি:
রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের পর শ্রমিকদের বকেয়া ও ক্ষতিপূরণ পরিশোধের উদ্যোগ নেওয়া হয়। তবে মামলা-সংক্রান্ত জটিলতা এবং প্রয়োজনীয় কাগজপত্রের সমস্যায় কিছু শ্রমিক এখনো তাঁদের পাওনা বুঝে পাননি। অস্থায়ী শ্রমিকদের মধ্যেও পাওনা বকেয়া থাকার অভিযোগ রয়েছে।
ক্রিসেন্ট জুট মিলের হিসাব বিভাগ সূত্রে জানা যায়, সেখানে কর্মরত স্থায়ী ২ হাজার ৭৭১ জন শ্রমিকের প্রায় সবাই তাঁদের বকেয়া পাওনা বুঝে পেয়েছেন। তবে নিয়োগপত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতায় কয়েকজনের পাওনা পরিশোধ করা সম্ভব হয়নি।
পাওনা পরিশোধের মাধ্যমে শ্রমিকদের আর্থিক দায় মেটানোর উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের বিকল্প তৈরি না হওয়ায় তাঁদের সংকট কাটেনি। এককালীন অর্থ দিয়ে কিছুদিন চলা গেলেও স্থায়ী আয়ের ব্যবস্থা না থাকলে সংসারের ব্যয় নির্বাহ কঠিন হয়ে পড়েÑসাবেক শ্রমিকদের অভিজ্ঞতায় উঠে এসেছে সেই বাস্তবতা।
ইজারায় মিল চালুর উদ্যোগ, তবুও কর্মসংস্থানে অনিশ্চয়তা:
রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বেসরকারি খাতে ইজারা দেওয়ার খবরে একসময় আশার আলো দেখেছিলেন সাবেক শ্রমিকেরা। তাঁদের প্রত্যাশা ছিল, মিলগুলো আবার চালু হলে পুরোনো কর্মস্থলে ফেরার সুযোগ তৈরি হবে। কিন্তু সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। ২০২৩ সালে দৌলতপুর জুট মিল চালু হলে সেখানে প্রায় সাড়ে চারশ শ্রমিকের কর্মসংস্থান হয়েছিল। তবে বছর না পেরোতেই কারখানাটি লে-অফ অবস্থায় চলে যায়। ফলে সেখানে কাজ পাওয়া শ্রমিকেরাও আবার বেকার হয়ে পড়েন। অন্যদিকে ইজারা পাওয়া বাকি পাটকলগুলোতে এখনো শ্রমিক নিয়োগ শুরু হয়নি। নিয়োগের ক্ষেত্রে সাবেক শ্রমিকেরা অগ্রাধিকার পাবেন কি না, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
সম্প্রতি ক্রিসেন্ট জুট মিলে গিয়ে দেখা যায়, মিলের শেডে থাকা পুরোনো যন্ত্রপাতি সরানোর কাজ চলছে। কোনো কোনো স্থানে ইজারাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংস্কারকাজ করা হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকায় ভবনের বিভিন্ন অংশে ঢালাই ও প্লাস্টারের কাজ করাতে হচ্ছে। ইজারাদার প্রতিষ্ঠানের এক কর্মচারী জানান, উৎপাদন শুরুর উপযোগী করে কারখানা প্রস্তুত করা হচ্ছে। দীর্ঘদিন পড়ে থাকায় বিভিন্ন স্থানে সংস্কার প্রয়োজন হয়েছে। উৎপাদনে যেতে এখনো সময় লাগবে। এ পর্যায়ে কোনো শ্রমিক নিয়োগ দেওয়া হয়নি।
প্লাটিনাম জুবিলি জুট মিলের মহাব্যবস্থাপক মোঃ মুরাদ হোসেন জানান, ইজারা নেওয়া প্রতিষ্ঠান এখনো উৎপাদন শুরু করেনি। পুরোনো শ্রমিকদের ইজারাদার প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধ্যবাধকতা নেই। বিষয়টি পুরোপুরি ইজারাদার প্রতিষ্ঠানের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তবে পুরোনো শ্রমিকদের মধ্যে দক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।
পুরোনো কর্মস্থলে ফেরার অপেক্ষায় শ্রমিকেরা ইজারা নেওয়া পাটকলগুলোতে উৎপাদন শুরু হলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। তবে সেই সুযোগ কতটা বাড়বে, কতজন শ্রমিক নিয়োগ পাবেন এবং পুরোনো শ্রমিকদের কতজন কর্মস্থলে ফিরতে পারবেন, তা এখনো স্পষ্ট নয়। শ্রমিকদের কাছে পাটকল চালু হওয়া শুধু শিল্প উৎপাদন শুরুর বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে তাঁদের হারানো জীবিকা ফিরে পাওয়ার প্রত্যাশা। পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক কুদরত-ই-খুদা বলেন, ইজারা শর্তের মধ্যে পুরোনো শ্রমিকদের নিয়োগের বিষয়ে কোন কিছু উল্লেখ নেই। পাট পণ্যের বাহিরে ভিন্ন পণ্য উৎপাদনের জন্য তারা ভিন্ন জায়গা থেকে শ্রমিক নিয়োগ দিচ্ছে। এতে রাষ্ট্রয়াত্ব পাটকল বন্ধের পর বেকার হওয়া শ্রমিক ও তাদের পরিবারের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাচ্ছে। এতে পাটকল ঘিরে খালিশপুর এলাকায় গড়ে ওঠা বিশাল জনগোষ্টি পুনরায় পাটকল চালু হওয়ার সুফল থেকে বঞ্চিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button