‘মাটি বাবা’ হবার জন্য মাটি খেতে চেয়েছিলেন ডা. এজাজ

প্রবাহ রিপোর্ট ঃ নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদ-এর জন্মবার্ষিকী শুক্রবার (১৩ নভেম্বর)। এই বিশেষ উপলক্ষ্যকে সামনে রেখে সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র বিশেষ পর্বে অংশ নিয়েছেন হুমায়ূন আহমেদের আবিষ্কার অভিনেতা, চিকিৎসক ডা. এজাজুল ইসলাম (ডা. এজাজ)। শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে এই বিশেষ পডকাস্ট। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে ডা. এজাজুল ইসলাম তার আদর্শ, গুরু হুমায়ূন আহমেদকে নিয়ে না বলা অনেক কথা বলেছেন। কাকতালীয়ভাবে আশির দশকের শেষে ডা. এজাজুল ইসলাম যখন বাংলাদেশ টেলিভিশনে অডিশন দিতে গিয়েছিলেন, সে সময় তাকে প্রশ্ন করা হয়েছিল হুমায়ূন আহমেদের নাটক ‘বহুব্রীহি’ নিয়ে। ডা. এজাজুল ইসলাম বলেন, প্রিয় লেখকের সান্নিধ্যে এসে বুঝেছিলাম তিনি শুধু বড় লেখক নন, তিনি ছিলেন একজন বড় মনের মানুষ। শুটিং সেটে প্রত্যেক শিল্পীর ব্যাপারে তার সমান মনোযোগ থাকতো। একবার ‘তারা তিনজন’ নাটকের একটি দৃশ্যে ‘মাটি বাবা’ চরিত্রে অভিনয়ের জন্য ডা. এজাজুল ইসলাম ভেবেছিলেন অভিনয়ের জন্য এক চামচ মাটি খাবেন। শট নেওয়ার আগে বিষয়টি জানতে পারে হুমায়ূন আহমেদ ভীষণ ক্ষুব্ধ হন। পরবর্তীতে ডা. এজাজুল ইসলাম হুমায়ূন আহমেদের রাগ ভাঙাবার জন্য কাঁচা কলা সিদ্ধ করে গুড়া মরিচ ও গুড়া হলুদের মিশ্রণে একটি খাবার তৈরি করে খান। কারণ সেই খাবারটি দেখতে অবিকল মাটির মত রং হয়। ডা. এজাজুল ইসলাম এর আগে প্রয়াত হুমায়ূন আহমেদকে নিয়ে বেশ কয়েকটি বই লিখেন। স্মৃতিকথা মূলক সেই বইগুলোতে ডা. এজাজুল ইসলামের লেখনী পাঠকরা পছন্দ করেন। সে ভাবনা থেকে আসছে বই মেলা’তে একটি মৌলিক উপন্যাস প্রকাশ করতে যাচ্ছেন তিনি।



