বাহরাইনে মার্কিন আগাম সতর্কবার্তা রাডার ধ্বংসের দাবি ইরানের

প্রবাহ রিপোর্ট ঃ ইরানের সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ারে হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর একটি আগাম সতর্কবার্তা প্রদানকারী রাডার ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সিরিক দ্বীপে যোগাযোগ টাওয়ার লক্ষ্য করে চালানো হামলার জবাবে বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর ওই রাডার লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। এ ঘটনাকে ওয়াশিংটনের প্রতি গুরুতর সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের আকাশপথে উসকানি এবং তেল চোরাচালান কার্যক্রম বন্ধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে দাবি করা হয়। ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর থাকা বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণার কয়েক দিনের মাথায় এ হামলার দাবি সামনে এলো। এর আগে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন, ইরান তাদের ক্ষেপণাস্ত্রের উড্ডয়ন পাল্লার ওপর থাকা বিধিনিষেধ প্রত্যাহার করেছে। ইরানি বার্তা সংস্থা ইসনাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর থাকা সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। তবে বাস্তবে এসব সক্ষমতা প্রদর্শনের বিষয়টি এখনো বাকি রয়েছে। মোহেব্বি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ও থাড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। দেশের অবকাঠামোতে হামলার বিরুদ্ধে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তুলেছে বলেও জানান তিনি। এদিকে ইসরায়েলি সংবাদপত্র মারিভ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, সম্ভাব্য নতুন সংঘাতের প্রস্তুতি হিসেবে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও আঞ্চলিক তৎপরতা বাড়াচ্ছে। প্রতিবেদনে ইরানকে নিয়ন্ত্রণে রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান মতপার্থক্যের কথাও তুলে ধরা হয়েছে। সূত্র: আল-মায়াদিন।


