শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
নিষিদ্ধ ছাত্রলীগের ২০ কর্মী আটক
প্রবাহ রিপোর্ট : দেশের পোশাক খাতে চলমান অস্থিরতার মধ্যে ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। শনিবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে। এর ফলে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের প্রধান রপ্তানি আয় মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, দেশের পোশাকশিল্প ও অর্থনীতির ক্ষতি করতে চায় এমন একটি মহল শিল্প খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই মহলের পরিচয়ও পরিবর্তিত হয়।
এই ব্যবসায়ী নেতা বলেন, বিজিএমইএ কখনো লেজুড়বৃত্তিক সংগঠন নয়। বিকেএমইএও নয়। সংগঠনের নেতাদের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে বিজিএমইএর কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। সংগঠনটি যে সরকার ক্ষমতায় থাকে, তাদের সঙ্গে কাজ করে এবং সহযোগিতার চেষ্টা করে।
পোশাকশিল্পে চলমান অস্থিরতা প্রসঙ্গে মাহমুদ হাসান খান বলেন, নি¤œতম মজুরি বোর্ড গঠিত হয়েছে ১ নভেম্বর। তবে এর আগেই, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শিল্প খাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে শুরু করে।
তিনি বলেন, অক্টোবরের আগে শ্রমিকদের যেসব দাবি উঠেছিল, সেগুলোর যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু ১ নভেম্বর মজুরি বোর্ড গঠনের পর থেকে এখন পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনোভাবেই যৌক্তিক নয়।
বিজিএমইএ সভাপতি বলেন, মজুরি বোর্ড গঠনের প্রথম দিনই নতুন মজুরি কবে থেকে কার্যকর হবে, তা ঘোষণা করা হয়েছে। এরপরও অরাজক পরিস্থিতি তৈরি করার উদ্দেশ্য হতে পারে মালিকপক্ষকে চাপের মুখে ফেলে অযৌক্তিক মজুরি ঘোষণা করানো। আবার এর পেছনে কারও অন্য কোনো অভিসন্ধিও থাকতে পারে।
তিনি আরও বলেন, পোশাকশিল্পের মালিক ও সংশ্লিষ্ট সবাই দেশপ্রেমিক এবং আইন মেনে চলতে চান। একই সঙ্গে অন্যরাও যেন আইন মেনে চলেন এবং কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে আহ্বান জানান তিনি।
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন :
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে মোট ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া; নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুর জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন। বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন।
এদিকে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক :
এদিকে গাজীপুরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাঁরা বর্তমানে কালিয়াকৈর থানা হেফাজতে রয়েছেন।
শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করলে অবরোধ উঠে যায়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার আন্দোলন করেন। ওই দিন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।
বৃহস্পতিবারের আন্দোলনে আহত এক শ্রমিক মারা গেছেন-এমন খবর (গুজব) ছড়িয়ে পড়লে শনিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার কাছেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় আশপাশের ১১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
আন্দোলন চলাকালে শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা শ্রমিকদের আন্দোলন উসকে দিয়েছেন। তাঁরা বর্তমানে কালিয়াকৈর থানা হেফাজতে রয়েছেন।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা আন্দোলন করেন। এ সময় আশপাশের ১১টি কারখানার শ্রমিকেরা সড়কে নেমে আসেন। বিক্ষোভের মুখে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, আশুলিয়ার শিল্পাঞ্চলেও শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে। শনিবার সকালে ছয়টি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে উপস্থিত হলেও উৎপাদনকাজে অংশ নেননি। পরে কর্তৃপক্ষ কারখানাগুলোতে দিনের জন্য ছুটি ঘোষণা করে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ তিন দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করছেন। এ পরিস্থিতিতে সরকার মজুরি বোর্ড গঠন করলেও নতুন বেতন কাঠামো এখনো ঘোষণা করা হয়নি। ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়ে গেছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শনিবার আশুলিয়া বা সাভারে নতুন করে শ্রমিক অসন্তোষের কোনো ঘটনা ঘটেনি। তবে শ্রমিকেরা কাজে অংশ না নেওয়ায় ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে আগে থেকেই আরও ৪০টি কারখানা বন্ধ রয়েছে। এসব কারখানা কবে খুলবে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, সাভারের হেমায়েতপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা আন্দোলন করলেও শনিবার সেখানকার সার্বিক পরিস্থিতি শান্ত ছিল। অধিকাংশ কারখানায় শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজ করেছেন।
শ্রমিক বিক্ষোভ ও কারখানা বন্ধের ঘটনায় দুই শিল্পাঞ্চলের শ্রমিকদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। তবে গাজীপুরের চন্দ্রা এলাকায় অবরোধ তুলে নেওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।


