গোপালগঞ্জে নিষিদ্ধ লীগের সশস্ত্র সন্ত্রাসী তান্ডব : জুলাই স্মৃতিস্তম্ভ-হাদি চত্বর ভাংচুর

ভাংচুর করা হয়েছে সাঁজোয়া যান ও পুলিশ বক্স
৬ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জের ডিসি-এসপি’র বদলি
‘নাশকতা বরদাস্ত করা হবে না’ : প্রশাসনের কঠোর বার্তা
পুলিশের এসআইকে ছুরিকাঘাত
প্রবাহ রিপোর্ট : লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা গেছে।
১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে প্রকাশ্যে এই সন্ত্রাসী কার্যক্রম করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন তারা। বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন তারা। আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায়, ব্যাহত হয় স্বাভাবিক চলাচল। হামলাকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ নামসংবলিত ব্যানার টানিয়ে দেন। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে সেটির তালা খুলে দেন। এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জয় বাংলা চত্বর’ স্থাপন করেন তারা।
রবিবার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়। মহড়া দেওয়ার সময় তাদের কারও কারও মাথায় ছিল হেলমেট। তারা বিভিন্ন স্লোগান দেন।
এর আগে সকালে জেলা সদরের আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে আসতে শুরু করেন। দুপুর ১২টার দিকে শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন তারা। পরে লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা হয়ে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন হামলাকারীরা।
তাদের অনেকের হাতে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র ছিল। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
এ সময় শহরের এফএনএফ নামের একটি সুপারশপের কাচ ভাঙচুর করা হয়। শেখ কামাল স্টেডিয়াম-সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পৌরসভার সামনে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে সড়কে জড়ো করে আগুন দেওয়া হয়। লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজ ও প্রেসক্লাবসহ শহরের বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। মিছিল চলাকালে শহরের লঞ্চঘাট এলাকায় বক্তব্য দেন ছাত্রলীগ নেতা রাজু খান ও সামসুল হক।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মিছিল নিয়ে যাওয়ার সময় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করেন তারা। এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে দেন। পরে তারা পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় পুলিশের সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তারা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করেন। পাশাপাশি এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেন।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে লঞ্চঘাট, বাজার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও এপিবিএনের সদস্যরাও দায়িত্ব পালন করেন। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি।
মিছিলের কারণে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। রিকশা ও ভ্যান চলাচলও ব্যাহত হয়। দুপুর দেড়টার দিকে মিছিলকারীরা বিভিন্ন এলাকা থেকে সরে যেতে শুরু করেন। বেলা দুইটার পর শহরের বিভিন্ন স্থানে তাদের অবস্থান কমে আসে। পরে কিছু দোকানপাট খুলতে শুরু করে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
গোপালগঞ্জের ডিসি-এসপি’র বদলি : গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন এনেছে সরকার। জেলার ডিসি মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে এসপি মো. হাবীবুল্লাহকে ফেনী জেলায় বদলি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের বর্তমান ডিসি জি এম সরফরাজ। আর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদার। গোপালগঞ্জের বিদায়ী এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগের দিন শনিবার (১৪ নভেম্বর) রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল ঘিরে বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বর্নি বাজারে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর কার্যালয় ভাঙচুর এবং ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। কুশলী ইউনিয়নের নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার পাশাপাশি বিএনপি-সমর্থিত কয়েকজনের দোকানপাটেও ভাঙচুর চালানো হয়। পাটগাতী বাসস্ট্যান্ডে রাতের আরেকটি মিছিলের সময় প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এসব ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি বলে জানিয়েছে পুলিশ।
এর আগে ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভের সময় উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয় ভাঙচুর, সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ এবং পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ায় পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।
এ ছাড়া ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন জেলা প্রশাসকের বাসভবন, জেলা কারাগার, ইউএনওর গাড়ি, পুলিশের গাড়ি ও এনসিপির সমাবেশস্থলে হামলা হয়। সংঘর্ষে চারজন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন বলে সে সময় প্রতিবেদন প্রকাশিত হয়।
এমন পরিস্থিতির মধ্যেই জেলার প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন আনল সরকার।
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, ‘নাশকতা বরদাস্ত করা হবে না’ :
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলায় ৬ প্লাটুন (প্রায় ১৫০ জন) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে তিন প্লাটুন বিজিবি মোতায়েন থাকলেও রোববার নতুন করে আরও তিন প্লাটুন সদস্য যুক্ত করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কাজ করছে। গোপালগঞ্জে বিজিবির পাশাপাশি পুলিশ, এপিবিএন, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রোববার জেলা প্রশাসকের কার্যালয় কমপ্লেক্স ঘেরাও করে নাশকতামূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। সাধারণ মানুষের জানমাল ও সরকারি সম্পত্তির ক্ষতি হয়, এমন কোনো নাশকতামূলক কর্মকা- বরদাস্ত করা হবে না।
এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানান, জেলার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, এপিবিএন ও আরআরএফের ১ হাজার ৩৫০ জন সদস্য নিয়োজিত রয়েছেন। গোপালগঞ্জের ৬৭ কিলোমিটার জাতীয় মহাসড়কে পর্যাপ্ত মোবাইল পেট্রোলিং থাকায় এক মিনিটের জন্যও যান চলাচল বন্ধ হয়নি।
তিনি আরও জানান, জেলা সদর ও অন্যান্য উপজেলা শহরে জনসাধারণের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সংবাদ সম্মেলনে জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে। টুঙ্গিপাড়ায় এসআইকে ছুরিকাঘাত :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিনকে কুপিয়ে আহত করেছে আ.লীগ নেতাকর্মীরা। রোববার বিকেলে দায়িত্ব পালনকালে উপজেলার সদর এলাকার গওহরডাঙ্গার চৌরঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী এসআই মোসলেম উদ্দিনকে কুপিয়ে আহত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, রোববার বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় এসআই মোসলেম উদ্দিন গওহরডাঙ্গার চৌরঙ্গী এলাকায় দায়িত্ব পালন করছিলেন। তখন আ.লীগ নেতাকর্মীরা তাকে মারধর ও কুপিয়ে আহত করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
প্রসঙ্গত, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘট চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তাদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকিদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ওই মামলার বাদী ছিলেন টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম উদ্দিন।

