মোহাম্মদ মাহফুজুর রহমান আমীর, অধ্যাপক নজিবুর রহমান নায়েবে আমীর ও এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি সেক্রেটারি নির্বাচিত

# খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের কমিটি গঠন #
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মহানগরী আমীর হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহফুজুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী। রোববার (১৫ নভেম্বর) সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি এ কমিটি ঘোষণা করেন। এ ছাড়া তিনি মহানগরী কর্মপরিষদের সদস্য হিসেবে মনোনীতদের নাম ঘোষণা করেন। তারা হলেন ড. আবু রুবাবা, মাওলানা আবু বকর সিদ্দিক, আ ন ম আব্দুল কুদ্দুস, মীম মিরাজ হোসাইন, মুকাররম বিল্লাহ আনসারী, অধ্যাপক জুলফিকার আলী, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, অধ্যাপক মো. ইকবাল হোসাইন, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, মুহাম্মাদ আব্দুল গফুর, মো. আনিসুর রহমান, মুশাররফ আনসারী। এর আগে খুলনা মহানগরীর সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মহানগরী আমীর ও শূরা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোহাম্মদ মাহফুজুর রহমান সর্বোচ্চ ভোট পেয়ে মহানগরী আমীর নির্বাচিত হন। এ ছাড়া শূরার সদস্য নির্বাচিত হন পুরুষ ৩৯ জন এবং মহিলা ১৬ জন।
সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আবুল কালাম আজাদ এমপি বলেন, জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আদর্শিক ও নৈতিক পরিবর্তনের কাফেলা। আজ আমাদের এই নতুন কমিটি ঘোষণার মূল লক্ষ্য হলো সংগঠনের গতিশীলতা বৃদ্ধি করা এবং জনগণের দোরগোড়ায় ইসলামের সুমহান বার্তা ও সেবামূলক কার্যক্রম পৌঁছে দেওয়া। আমি নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে স্পষ্ট ভাষায় বলতে চাইÑআপনাদের ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত আমানতদারিপূর্ণ। সংগঠনের আদর্শ, সুশৃঙ্খল পরিবেশ এবং পূর্ণ দায়িত্বশীলতার সাথে আপনাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও সুসংগঠিত করতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নতুন এই নেতৃত্বের হাত ধরে খুলনায় সংগঠনের কার্যক্রমে এক নতুন গতিশীলতা আসবে।
বর্তমান সময়ে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে উল্লেখ করে মাওলানা আবুল কালাম আজাদ এমপি বলেন, সাধারণ মানুষের জীবন আজ অতিষ্ঠ। বিশেষ করে খুলনায় চাঁদাবাজির ঘটনা যেভাবে বৃদ্ধি পেয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। খুলনার এই আইনশৃঙ্খলার অবনতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে আমরা চুপ করে বসে থাকব না। খুব শীঘ্রই জাতীয় সংসদে এই বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরা হবে। পাশাপাশি, সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজপথে এর শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে। খুলনার মানুষের জানমালের নিরাপত্তা বিধানে জামায়াতে ইসলামীর প্রতিটি নেতাকর্মী অতন্দ্র প্রহরীর মতো জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ ।
জামায়াতের এই কেন্দ্রীয় বলেন, চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর থেকে এ দেশের মুক্তিকামী মানুষের পাশে যেভাবে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে, ঠিক সেভাবেই আজও তারা মানুষের সেবা করে যাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় ঘোষণা করতে চাইÑকোনো অবস্থাতেই খুলনাকে চাঁদাবাজদের অভয়ারণ্য বানাতে দেওয়া হবে না। যারা এই চাঁদাবাজদের শেল্টার দিচ্ছে, পেছনের থেকে মদদ যোগাচ্ছে, জনগণের সামনে খুব দ্রুতই তাদের আসল মুখোশ উন্মোচন হবে। এটি এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। তিনি সকল ভেদাভেদ ভুলে গিয়ে খুলনার মানুষের অধিকার আদায়, শান্তি শৃঙ্খলা রক্ষা এবং একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
