জাতীয় সংবাদ

সোনার ডিম…

প্রবাহ রিপোর্ট : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর পায়ুপথে লুকিয়ে আনা ডিম আকৃতির চারটি সোনার বলের মতো বস্তু উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ওই ব্যক্তির অন্তর্বাসের কাপড়েও সোনার পেস্ট মাখানো ছিল। সব মিলিয়ে প্রায় এক কেজি সোনাসদৃশ বস্তু উদ্ধার করা হয় যার প্রাথমিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
রবিবার ভোরে বিমানবন্দর থেকে এসব উদ্ধার করা হয়। ওই যাত্রীর নাম হাসান মিয়া। বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। কাস্টমস গোয়েন্দা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় নামেন হাসান মিয়া। এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে সোনাসদৃশ বস্তুর উপস্থিতি ধরা পড়ে। পরে সেখান থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতি বস্তু বের করা হয়। এ ছাড়া তার অন্তর্বাসের কাপড়ে আনুমানিক ১০০ গ্রাম সোনাসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়।
উদ্ধার করা বস্তুগুলো পরিশোধনের পর প্রকৃত সোনার পরিমাণ ও বিশুদ্ধতা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা। সাধারণত পেস্ট আকারের সোনায় অন্য উপাদান মেশানো থাকে। ফলে পরিশোধনের পর ওজন কমে যায়।
কাস্টমস গোয়েন্দা ধারণা করছে, এর পেছনে একটি সংঘবদ্ধ আন্তদেশীয় চোরাচালান চক্র থাকতে পারে। চক্রটি শনাক্ত করতে দেশের অন্য গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শরীরের ভেতরে লুকিয়ে সোনা আনার ঘটনা শাহজালাল বিমানবন্দরে এর আগেও ধরা পড়েছে। গত ৮ অক্টোবর শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার এক যাত্রীর পায়ুপথ থেকে স্কচটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ দল। সেগুলোর মোট ওজন ছিল ১ কেজি ২৯০ গ্রাম। দাম ধরা হয়েছিল ১ কোটি ৭৪ লাখ টাকা।
শুধু যাত্রীর শরীরেই নয়, উড়োজাহাজ ও বিমানবন্দরের নানা জায়গাতেও সোনা লুকিয়ে আনার চেষ্টা ধরা পড়ছে। গত অক্টোবরে বিমানবন্দরের কাস্টমস হলের এক নম্বর বেল্টের পাশের শৌচাগারের একটি কমোডের পানির ট্যাংক থেকে ৪ কেজি ২০৪ গ্রাম সোনার পেস্ট জব্দ করে কাস্টমস গোয়েন্দার এয়ারপোর্ট সার্কেল।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button