ডেঙ্গু ও হাম উপসর্গে ৮ শিশুসহ আরো ১৬ জনের মৃত্যু

লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল
প্রবাহ রিপোর্ট : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন। রবিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। শনিবার (১৪ নভেম্বর) তার আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবশেষ মারা যাওয়া আটজন নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নভেম্বরের ১৪ দিনে মারা গেছেন ৮০ জন। অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৫২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০৯ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮৭৩ জন। এছাড়া চট্টগ্রামে ২৫৯ জন, খুলনায় ১৯৩ জন, বরিশালে ২০৯ জন, রাজশাহীতে ১৪০ জন, ময়মনসিংহে ৯১ জন, রংপুরে ৭৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন।
হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৮২ শিশু মারা গেছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১,৪১৪ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ১৫৮ শিশু। সব মিলিয়ে হামের নতুন রোগী ১,৫৭২ শিশু। এছাড়াও সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মারা গেছে এক হাজার ৩১৪ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। বাকী ১,২০১ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৩ হাজার ৩২৯ শিশু।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো হাম বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে দুই লাখ ৪৮ হাজার ৬০ জন। এখন পর্যন্ত হামের রোগী পাওয়া গেছে ২৫ হাজার ২৬৯ জন। এছাড়াও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন দুই লাখ ২১ হাজার ৫৩৯ শিশু। এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১২ হাজার ৪০২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ শিশুর মধ্যে ঢাকা বিভাগের ৬ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগের একজন করে রয়েছে । আর একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৯৫ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। আর হামের রোগী পাওয়া গেছে ৬১ জন।


