জাতীয় সংবাদ

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের কাছে তথ্য পাচার : এসপি জাহাঙ্গীর গ্রেফতার

রাষ্ট্রদ্রোহ মামলা, চার দিনের রিমান্ডে

প্রবাহ রিপোর্ট : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৫ নভেম্বর) বিকেল তিনটার দিকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্তের স্বার্থে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিট (সিআরইউ)। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামী সাত দিনের মধ্যে রিমান্ডের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া সাংবাদিকদের বলেন, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলমের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগামী সাত দিনের মধ্যে রিমান্ড প্রতিবেদন দিতে আদালত নির্দেশ দিয়েছেন।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের সিএমপির অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় মামলাটি করেন।
পুলিশের অভিযোগ, জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ছিল। এ ছাড়া আওয়ামী লীগের নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এর আগে গত ১০ নভেম্বর অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি। ওই দিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
এদিকে অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম। মামলাটি পুলিশের বিশেষ ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button