সম্পাদকীয়

অস্তিত্ব সংকটে খুলনার উপকূলবাসী : সমন্বিত পদক্ষেপ নিন

খুলনার উপকূলবাসীর সমস্যার অন্ত নেই। দিন দিন লবণাক্ততা বেড়ে কৃষিজমি কমে আসছে, সুপেয় পানির তীব্র সংকট, এর মধ্যে বেড়িবাঁধের বিভিন্ন স্থান ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিদিনই আতঙ্কে থাকতে হয়। প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর ১৯ বছর আগে আঘাত হেনেছিল, সেই ক্ষত এখনো রয়ে গেছে। বাস্তবতা হচ্ছে, সেখানকার মানুষকে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে টিকে থাকতে হয়। সাতক্ষীরা ও বাগেরহাটে লবণাক্ততা বিষয়ে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) গবেষণার ফলাফল তুলে ধরা হয়। এতে দেখা যায়, ২০২৪ সালে উপকূলীয় সমীক্ষা এলাকার মূল্যায়ন করা ১৭ লাখ তিন হাজার হেক্টর চাষযোগ্য জমির মধ্যে প্রায় ১১ লাখ ৫৬ হাজার হেক্টর বা ৬৭.৯ শতাংশ জমি লবণাক্ত। ২০০৯ সালে এই পরিসংখ্যান ছিল ১০ লাখ ৫৬ হাজার হেক্টর। অর্থাৎ ১৫ বছরে লবণাক্ত চাষযোগ্য জমির পরিমাণ প্রায় ৯৯ হাজার ৮০০ হেক্টর বা ৯.৪ শতাংশ বেড়েছে। চলতি বছরের ২৮ জুলাই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অতিরিক্ত লবণাক্ততার কারণে অনেক জাতের ধানের ফলন কম হয়েছে। এমনকি অনেক এলাকায় চাষবাস বন্ধ হয়ে গেছে। লবণাক্ত পানি প্রবেশ ও পানির লবণাক্ততা বৃদ্ধির ফলে বহু ধানি জমি লবণাক্ত পানির চিংড়িঘেরে পরিণত হচ্ছে। লবণাক্ততায় মাটির উপকারী অণুজীব ও কেঁচোর কার্যকারিতা কমে যায়, যা মাটির প্রাকৃতিক সজীবতা নষ্ট করে। খুলনার মোট আবাদি জমির প্রায় ৫৭ শতাংশ কোনো না কোনো মৌসুমে, বিশেষ করে শুষ্ক মৌসুমে মাঝারি থেকে তীব্র লবণাক্ততায় আক্রান্ত হয়। এদিকে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের উপকূলীয় এলাকার ৪০টির বেশি পয়েন্টে শতাধিক কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে ঝুঁকিতে। এই বাঁধ অনেকের জন্য অস্তিত্বের প্রশ্ন। খবরে বলা হয়, জোয়ারের চাপে দাকোপের পানখালী গ্রামের বাঁধে ৫০ মিটারের মতো ভাঙন দেখা দেয়। এ ছাড়া এই উপজেলার জাবেরের খেয়াঘাট, লক্ষ্মীখোলা, বটবুনিয়া, নলডাঙ্গাসহ অন্তত আরো ১০টি পয়েন্টে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। ক্লাইমেট জাস্টিস ফোরাম (সিজিএফ) খুলনার সদস্য হেলেনা খাতুন বলেন, ‘জলবায়ু পরিবর্তন বা মনুষ্য সৃষ্টÑযেভাবেই হোক, খুলনা অঞ্চলের উপকূলীয় এলাকায় প্রকৃতি-পরিবেশ পাল্টে যাচ্ছে। তাপমাত্রা বাড়ছে, লবণাক্ততা বাড়ছে। সুপেয় পানির সংকট, নদী, বেড়িবাঁধ ভাঙনে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে দীর্ঘ পরিকল্পনা ও সেগুলোর বাস্তবায়ন জরুরি।’ আমরাও মনে করি, জলবায়ুর অভিঘাত থেকে উপকূলবাসীকে রক্ষা করতে সমন্বিত পদক্ষেপ জরুরি। টেকসই বাঁধ নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে। সুন্দরবন হলো আমাদের সুরক্ষাঢাল, সেই বনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button