সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র

প্রবাহ রিপোর্ট ঃ ২০২৮ সালের জুনে উৎপাদনে যাওয়ার লক্ষ্য, ব্যয় ১ হাজার ৮৮৮ কোটি টাকা। দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে ফেনীর সোনাগাজীতে। ১ হাজার ৮৮৮ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই কেন্দ্র থেকে ২০২৮ সালের জুনে বিদ্যুৎ উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রটি চালু হলে জাতীয় গ্রিডে বছরে প্রায় ৪৪১ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ যুক্ত হবে। সোমবার (১৬ নভেম্বর) দেশের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি) প্রকল্প-সংশ্লিষ্ট কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সম্মানিত অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) ঢাকা রিজিওনাল হাবের রিজিওনাল হাব ম্যানেজার আলী এম খান এবং সংস্থাটির অপারেশনাল টিম লিডার নাসের মোহাম্মদ ইয়াকুবু। এ ছাড়া অনুষ্ঠানে ইজিবি পিএলসির চেয়ারম্যান কে এম আলী রেজা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং ইজিবির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মনজুর কাদিরসহ বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় জানানো হয়, প্রকল্পটি বাংলাদেশ সরকার, আইএসডিবি ও ইজিবির নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। গত ৩ আগস্ট অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও আইএসডিবির মধ্যে প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী ৩০ জুন ২০২৮ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের আওতায় প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সৌর প্যানেল (সোলার পিভি মডিউল), ২৬টি ইনভার্টার এবং ৩৩/২৩০ কেভির পাওয়ার ট্রান্সফরমারসহ দুটি সাবস্টেশন স্থাপন করা হবে। প্রকল্পের পরামর্শক ও ইপিসি ঠিকাদার নিয়োগের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি কেন্দ্রটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডরমেটরি নির্মাণের কাজ চলছে। এতে আরও জানানো হয়, সরকারের ২০৩০ সালের মধ্যে সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ার পাশাপাশি কার্বন নিঃসরণ কমানো এবং জাতীয় জলবায়ু অঙ্গীকার (এনডিসি) বাস্তবায়নেও সহায়তা মিলবে। প্রকল্পটিতে কৃষি ও সৌরবিদ্যুৎ উৎপাদন একসঙ্গে চালানোর পরিকল্পনাও রয়েছে। এজন্য এগ্রোভোল্টাইক পদ্ধতি প্রয়োগ করা হবে। অর্থাৎ একই জমিতে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষিকাজ ও পশুপালনের সুযোগ রাখা হবে। এছাড়া প্রকল্পের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় স্থানীয় প্রায় এক হাজার বেকার যুবক ও নারীর দক্ষতা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের কম্পিউটার পরিচালনা, মোবাইলফোন মেরামত ও সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি কম্পিউটার ল্যাব স্থাপন এবং আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে। সোনাগাজীকে বড় সৌরবিদ্যুৎ উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে আরও উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে পাশের এলাকায় ১৩০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ৩৮৬ একর জমি অধিগ্রহণের প্রকল্প গত ২৯ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে। এছাড়া মুছাপুরে ১৫০ মেগাওয়াটের ভাসমান সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সোনাগাজী এলাকায় প্রায় ৬০০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ উৎপাদনকেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা তৈরি হবে। এতে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানির প্রসার, পরিবেশ সুরক্ষা এবং স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে বলে মনে করছে ইজিবি।



