জাতীয় সংবাদ

বঙ্গোপসাগরে ইরানের দেওয়া নামের ঘূর্ণিঝড় ‘আকভান’, কতটা ভয়ংকর রূপ নিচ্ছে

প্রবাহ রিপোর্ট ঃ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘আকভান’। ফারসি ভাষায় ‘আকভান’ নামের অর্থ ‘রাক্ষস’। উত্তর ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর অঞ্চলের জন্য নির্ধারিত নামকরণের তালিকা থেকেই এই নামটি নেওয়া হয়েছে। মূলত ঝড়ের পরিচিতি নিশ্চিত করা, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং সতর্কবার্তা প্রচার বা একাধিক ঝড়কে আলাদাভাবে চিহ্নিত করার জন্যই এই নামকরণের আন্তর্জাতিক নিয়ম রয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এবং জাতিসংঘের এসকাপের অধীন ১৩টি সদস্য দেশ (বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন) মিলে ২০২০ সালে ১৬৯টি ঘূর্ণিঝড়ের একটি নতুন তালিকা তৈরি করে। পূর্বনির্ধারিত এই তালিকা থেকেই ক্রমানুসারে বর্তমান ঝড়টির নাম ‘আকভান’ রাখা হয়েছে। এর আগে এই অঞ্চলের সর্বশেষ ঘূর্ণিঝড়টির নাম ছিল ‘মুরাসু’।

এদিকে দক্ষিণ-পূর্ব ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হওয়ার পর দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩০০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১,২৫০ কিলোমিটার, মোংলা থেকে ১,২২০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আগামী ২০ নভেম্বর দুপুরের দিকে ‘অতি প্রবল ঘূর্ণিঝড়’ হিসেবে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঝড়টির কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর অত্যন্ত উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button