স্থানীয় সংবাদ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে খুলনার দাকোপ থানার সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গহীন এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, সুন্দরবনের বনদস্যুদের নির্মূল এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের ওই এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত করে রেখেছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ান যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বনের গহীনে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার গান, চারটি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি এবং দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ডাকাতদলকে শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি সুন্দরবনে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এসব তথ্য জানান। তিনি বলেন, সরকারের সুস্পষ্ট নির্দেশনা, সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে কোস্ট গার্ড আশাবাদী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button