জাতীয় সংবাদ

হাসিনা ‘লেডি কিলার’ হিসেবে কুখ্যাতি অর্জন করেছে : মামুনুল হক

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ফ্যাসিবাদীরা দেশে ফিরে আসার চেষ্টা করলে জুলাই-যোদ্ধারা তা রুখে দেবে। এতে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। এ ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলকে এক কাতারে দাঁড়াতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনা শাপলা চত্বরের খুনি, চব্বিশের খুনি, আগুন সন্ত্রাস ও ‘লেডি কিলার’ হিসেবে কুখ্যাতি অর্জন করে দেশ থেকে বিতাড়িত হয়ে মোদীর দেশে আশ্রয় নিয়েছেন।
মঙ্গলবার বিকেলে সাভারে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের উদ্যোগে সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলের দাবিতে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার বিচার হবে। ইতোমধ্যে তার বিরুদ্ধে রায় হয়েছে এবং সেই রায় কার্যকর করা হবে। দেশবাসী হাসিনার বিচারের রায় কার্যকর দেখতে চায়। তিনি বলেন, শহীদের বাবা-মায়েরা তাদের কলিজার টুকরো সন্তানদের হত্যার বিচার দেখার অপেক্ষায় রয়েছেন। বিচারের পর কোনো নিরীহ ও ভালো আওয়ামী লীগের নেতাকর্মী থাকলে, তারা রাজনীতি করতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তুলতে হলে একমাত্র আল্লাহ প্রদত্ত রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে হবে।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন কাসেমী, ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি মুফতি শাহেদ জাহিরী, সহ-সভাপতি মুফতি সুলতান মাহমুদ, সহ-সভাপতি মুফতি মাহমুদুল হাসান আওলাদ, ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুফতি ফারুক হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমী প্রমুখ বক্তব্য রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button