জাতীয় সংবাদ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ : বন্ধ ৫৬ কারখানা

প্রবাহ রিপোর্ট : গাজীপুরে আবারও সড়কে নেমেছেন পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে মহানগরীর চান্দনা চৌরাস্তা, সালনা, ভোগড়া বাইপাস ও নাওজোর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেশ কয়েকটি কারখানার শ্রমিক।

এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা কোথাও কোথাও প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। এদিকে শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং ৩০টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে প্রথমে চান্দনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় বিক্ষোভ শুরু করেন। পরে তারা ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকাতেও সড়ক অবরোধের চেষ্টা চালানো হয়।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। এ সময় উত্তেজিত শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে জয়দেবপুর ও নাওজোর এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায় পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শ্রমিকদের অবরোধের কারণে শিল্পাঞ্চল গাজীপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে আজ ৩০ টি কারখানা ছুটি দেওয়া হয়েছে। এছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২৬টি কারখানা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button