সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. ওসমান ফারুক

আসন শূন্য ঘোষণা, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন
প্রবাহ রিপোর্ট : বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যদিবসের শুরুতেই স্পিকার এ ঘোষণা দেন।
স্পিকার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি। সেটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’
তিনি আরও বলেন, সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র পাওয়ার পর থেকে সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হবে। সে অনুযায়ী, ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি মহান সংসদকে অবহিত করা হলো।’
ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক শিক্ষামন্ত্রী এবং কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য। ১৯৪০ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মুহাম্মদ ওসমান গণির সন্তান।
যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনি বাকৃবিতে শিক্ষকতা এবং বিশ্বব্যাংকে উচ্চপদে কর্মরত ছিলেন। ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১-২০০৬ মেয়াদে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
আসন শূন্য ঘোষণা, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন :
এদিকে, বিএনপির জ্যেষ্ঠ নেতা ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এ আসনে আগামী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশন শুরুর পর স্পিকার আসনটি শূন্য ঘোষণা করেন। একই দিন ঢাকা মেইলকে উপনির্বাচনের বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, আইনের বাধ্যবাধকতা অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। আমরা ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আয়োজন করব।
স্থানীয় সরকার নির্বাচনে এ উপনির্বাচনের প্রভাব পড়বে কি না, জানতে চাইলে তিনি বলেন, না, প্রভাব পড়বে না। এমন হতে পারে, ওই এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নাও করতে পারি। আবার দুটি নির্বাচন একসঙ্গে করা যাবে কি না, সেটিও পর্যালোচনা করে দেখা হবে।
এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। পরে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ভোট দেননি। এ বিষয়ে সংসদ সচিবালয়কে চিঠি দিয়ে জানিয়েছিলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর অন্তর্র্বতীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করতে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন ওসমান ফারুক।
এ ছাড়া গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে ১০ সদস্যের একটি বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়। ওই কমিটির সভাপতি ছিলেন তিনি।
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান। তিনি ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সেই সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওসমান ফারুক একজন সাবেক আমলা। তিনি বিশ্বব্যাংকেও বড় পদে চাকরি করেছেন।



