পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করল বাংলাদেশ

# বাংলাদেশ এখন পারমাণবিক শক্তিধর দেশ #
# প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু #
প্রবাহ রিপোর্ট ঃ পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করল বাংলাদেশ। জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এর মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় যুক্ত হলো বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা এবং সার্বিক তত্ত্বাবধানে পাবনার ঈশ্বরদীর রূপপুর ইউনিয়নে ১২০০ একর জমির ওপর এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়। এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার তৈরি সর্বশেষ প্রযুক্তির তৃতীয় প্রজন্মের (+) ভিভিইআর-১২০০ (ভিভিইআর-১২০০) চুল্লি স্থাপন করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার সর্বাধুনিক পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নভোভোরোনেঝ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রযুক্তিতে তৈরি। এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেই প্রথম ভিভিইআর-১২০০ চুল্লি স্থাপন করা হয়। এ ছাড়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যেকোনো দুর্ঘটনা এড়াতে রাশিয়ার উদ্ভাবিত কোর ক্যাচার স্থাপন করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। সুনামির কারণে জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনা ঘটার পর এই কোর ক্যাচার প্রযুক্তি উদ্ভাবন করে রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটিতে ১২০০ মেগাওয়াট করে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এ ছাড়া ভবিষ্যতে এই প্রকল্পে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আরও দুটি ইউনিট স্থাপনের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রকল্পটির মেয়াদকাল ধরা হয়েছে মোট ৮০ বছর। তবে মেয়াদ বাড়ানোর মাধ্যমে আরও ২০ বছর অর্থাৎ ১০০ বছর প্রকল্পটি পরিচালনা করা সম্ভব বলে রোসাটমের সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। বাংলাদেশের ইতিহাসে এটি সর্ববৃহৎ প্রকল্প এবং নির্মাণ কাজের ব্যয়ও সর্বোচ্চ। এই প্রকল্পের ব্যয় ধরা হয় ১ লাখ ১৩ হাজার কোটি টাকা। এর ৯০ ভাগ অর্থ ঋণ হিসেবে সহায়তা দিয়েছে রাশিয়ান ফেডারেশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ২০১৩ সালে সমীক্ষা চুক্তি ও ২০১৫ সালে নির্মাণ চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে অর্থায়ন ও কারিগরি সহায়তা দিচ্ছে রাশিয়া। রূপপুর প্রকল্পের পুরো সময় ধরেই পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম সরবরাহ করবে রাশিয়া। এই প্রকল্প পরিচালনার জন্য বাংলাদেশের পরমাণুবিজ্ঞানীদের প্রশিক্ষণ এবং কয়েকশ শিক্ষার্থীকে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ে উচ্চশিক্ষার মাধ্যমে তৈরি করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি উৎপাদনে যাওয়ার পর পাঁচ থেকে ছয় বছর রাশিয়ার বিশেষজ্ঞরা এটি পরিচালনা করবেন। এরপর বাংলাদেশের বিশেষজ্ঞদের হাতে প্রকল্পটি পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে। এসব বিষয়ে রাশিয়ান ফেডারেশন ও বাংলাদেশ সরকারের মধ্যে (জি টু জি) অনেকগুলো চুক্তি রয়েছে। এই প্রকল্পের পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনাও রাশিয়া করবে। এ বিষয়েও বাংলাদেশ ও রাশিয়ান ফেডারেশনের মধ্যে একটি আন্তঃসরকার চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী ব্যবহৃত পারমাণবিক জ্বালানি বর্জ্য (স্পেন্ট নিউক্লিয়ার ফুয়েল) সংরক্ষণ রাশিয়া করবে ও রাশিয়ান ফেডারেশনে ফেরত পাঠানো হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক সফল সংযোগের পর বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম গণমাধ্যমকে বলেন, এটি একটি ঐতিহাসিক অর্জন। সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করল, যা পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। আজ সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং ফলাফল অত্যন্ত সন্তোষজনক পাওয়া গেছে। পরবর্তীতে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে তা কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে। তিনি আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ সময় প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানানো হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন বলেন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮-১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। পরবর্তীতে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪-৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে। এদিকে, এই প্রকল্পের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ব্যবস্থার কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে যাচাই করা হবে। সব কারিগরি পরীক্ষা-নিরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে এবং এ পর্যায়ের নির্ধারিত সব কাজ সম্পন্ন হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরার) অনুমোদন প্রয়োজন হবে। বায়েরার অনুমোদন পাওয়া সাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে (ট্রায়াল অপারেশন) জাতীয় গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে। রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা (ট্রায়াল অপারেশন) সম্পন্ন হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর মাধ্যমে প্রথম ইউনিট রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সাময়িকভাবে গ্রহণ করবে (প্রভিশনাল টেকওভার)। পরবর্তীতে সরকারের গেজেট বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে এনপিসিবিএলের কার্যক্রম শুরু হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১২০০ মেগাওয়াট। সর্বমোট ২৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্র দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।



