সম্পাদকীয়

যোগ্য তালিকায় বাংলাদেশ : সম্ভাবনা কাজে লাগাতে হবে

যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) থেকে অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। গত সোমবার এক বিজ্ঞপ্তিতে তালিকাভুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় সংস্থাটি, যা দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় অত্যন্ত ইতিবাচক খবর। এত দিন শ্রমিক অধিকার নিয়ে উদ্বেগের কারণে এই সুবিধা পাওয়া যায়নি। এখন সেই উদ্বেগ কেটেছে, যা বিশ্বের অন্য দেশের বিনিয়োগকারীদের জন্য বিশেষ বার্তা। আশা করা হচ্ছে, ডিএফসির অর্থায়নের দ্বার উন্মুক্ত হওয়ায় দেশের জ্বালানি, অবকাঠামো নির্মাণ ও প্রযুক্তি খাতে বড় পরিসরে মার্কিন বেসরকারি বিনিয়োগ আসার পথ সুগম হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৯ সালে যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগের শাখা ডিএফসি প্রতিষ্ঠিত হয়। মূলত মার্কিন পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নেওয়ার লক্ষ্যে এর আওতায় বেসরকারি মূলধনের ব্যবস্থা করা হয়ে থাকে। ডিএফসি বলছে, তাদের বিনিয়োগ দক্ষিণ এশিয়ায় জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তি খাতের প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে স্থিতিশীলতার শক্তি হিসেবে কাজ করছে। এ ধরনের বিনিয়োগ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবার পরিধি বাড়ানো এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে শক্তিশালী করতে সহায়তা করবে। বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগকারীদের অনীহা বা ঝুঁকির আশঙ্কা কমাতেও ডিএফসির সহায়তা কাজে আসবে। খবরটি এমন সময় এলো, যখন দেশের অর্থনীতি নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করছে। প্রত্যাশিত মাত্রায় বিদেশি বিনিয়োগ আসছে না, আবার দেশি বিনিয়োগেও খরা কাটছে না। ফলে দিন দিন শ্রমবাজার সংকুচিত হয়ে আসছে। বেকার মানুষের সারি দীর্ঘ হচ্ছে। এদিকে মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে অর্থনীতির চাকা সচল করতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এ সময় ডিএফসির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের জ্বালানি খাত, স্বাস্থ্যসেবা, কৃষি, অবকাঠামো ও তথ্য-প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ খাতগুলো এখনো সময়োপযোগী হিসেবে গড়ে ওঠেনি। এসব খাতে ডিএফসির অর্থায়নের সুযোগ রয়েছে। এ ছাড়া স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের জন্য এই তহবিলের সুযোগ পাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এলডিসি উত্তরণের পর বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার সহজ শর্তের ঋণ ও বাণিজ্যসুবিধা হারাবে। সেই শূন্যতা পূরণে ডিএফসির মতো প্রতিষ্ঠানের বাণিজ্যিক ও উন্নয়নমূলক অর্থায়ন বড় ভূমিকা রাখতে পারে। ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, ‘ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশের যোগ্যতা অর্জন দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরো গভীর করবে এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবেÑএমন বেসরকারি বিনিয়োগ বাড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।’ এদিকে বিশ্লেষকরা মনে করছেন, ডিএফসি অর্থায়নের এই সুযোগ কাজে লাগাতে হলে দেশের অভ্যন্তরীণ প্রস্তুতির দিকে বিশেষ নজর দিতে হবে। ডিএফসির অর্থায়ন পেতে হলে প্রকল্পগুলোর স্বচ্ছতা, পরিবেশগত মানদ- এবং আন্তর্জাতিক শ্রম আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা বাধ্যতামূলক। এই বিষয়গুলো ভুলে গেলে চলবে না। পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা অপরিহার্য। পরিশেষে একটি বিষয় মনে রাখতে হবে, ডিএফসির তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তি শুধু একটি আর্থিক সহায়তা হিসেবে দেখার সুযোগ নেই, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা ও সংস্কারপ্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করতে হবে। আমরা মনে করি, নীতিনির্ধারক এবং সরকারি-বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টায় এই সুযোগের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে তা দেশের অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button