গোপালগঞ্জে একের পর এক আওয়ামী তাণ্ডব : সাধারণ মানুষ আতঙ্কিত

থানা-সড়কে ধ্বংসযজ্ঞের চিহ্ন, ৭ স্থানে সড়ক অবরোধ
২১ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রবাহ রিপোর্ট : জেলার টুঙ্গিপাড়ায় আসামি গ্রেফতারকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতা, থানা ভাঙচুর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং সংসদ সদস্যের বাড়িসহ একাধিক বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার বিকেল থেকে গভীররাত পর্যন্ত দফায় দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অস্থিতিশীল হয়ে পড়ে পুরো এলাকা। হামলার মুখে থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হন পুলিশ সদস্যরা। এ সময় থানা থেকে গ্রেফতার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সরেজমিনে দেখা যায়, পাটগাতিতে সংসদ সদস্য এস এম জিলানীর পুড়িয়ে দেওয়া বাড়ি থেকে ধোঁয়া উড়ছে। মধুমতি নদীর তীরে আড়াই তলা পাকা বাড়ির সব জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। কিছুই আর অক্ষত নেই। পাশেই তার পৈতৃক টিনের ঘরও ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তার চাচাতো ভাই এস এম মাহমুদের বাড়িসহ ১৪ জন আত্মীয়স্বজনের বাড়ি পোড়ানো হয়েছে। বেশিরভাগ বাড়ি টিনের তৈরি।
এদিকে টুঙ্গিপাড়া থানায় গিয়ে দেখা যায়, সেখানে কোনো পুলিশ সদস্য নেই। পাশের পুলিশ অফিসার্স মেস থেকে জিনিসপত্র নিয়ে ভ্যানে করে চলে যাচ্ছিলেন সেখানে থাকা পুলিশ সদস্যরা। ভ্যানে থাকা জিনিসপত্রের মধ্যে সরকারি আগ্নেয়াস্ত্র, পুলিশের হেলমেট এগুলো দেখা গেছে। পুলিশ সদস্যরা সবাই ছিলেন সাদা পোশাকে। একাধিক পুলিশ সদস্য জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের নিরাপদ স্থানে চলে যেতে বলেছেন। তবে তারা তাদের গন্তব্য জানাননি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থেকে বন্ধ রয়েছে থানার কার্যক্রম। হামলার সময়ই থানা থেকে চলে যান কর্তব্যরত পুলিশ সদস্যরা। হামলাকারীদের দেওয়া আগুনে পুলিশের ৯টি সরকারি গাড়ি পুরোপুরি পুড়ে গেছে। নিরাপত্তার ঘাটতি থাকায় ব্যারাক থেকে মালামাল নিয়ে ফিরে যান পুলিশ সদস্যরা।
বুধবার সকাল থেকেই আবারো উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ। জেলার বিভিন্ন স্থানে মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কাশিয়ানীতে বিএনপি অফিস ও গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আড়াই বছর পর কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিস খুলে দেন নেতাকর্মীরা। দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক নামের ব্যানার টাঙিয়ে দেন তারা। আওয়ামী লীগপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল করে আদালত বর্জন করেন।
স্থানীয় সংবাদকর্মীদের ভাষ্য অনুযায়ী, খেলার মাঠ থেকে কয়েকজন তরুণকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে উত্তেজনার সূত্রপাত। সন্ধ্যার পর থানা ঘেরাও করতে জড়ো হন আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মী ও স্থানীয় লোকজন। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। একই সময়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে নিলফা এলাকায় যৌথ বাহিনীর গাড়ি আটকে দেয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয়রা। পাঁচটি গাড়িতেও আগুন দেওয়া হয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন।
অন্যদিকে, কাশিয়ানী উপজেলা বিএনপি অফিস ভাঙচুর করে আগুন দেওয়া হয়। সদর উপজেলার বৌলতলীতে এবং কাশিয়ানীতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। কাশিয়ানীতে বিক্ষোভ মিছিলের সামনে পড়ে পুলিশের পরিদর্শক আবু আলম হামলার শিকার হন। তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এরই মধ্যে কোটালীপাড়ায় প্রায় আড়াই বছর পর খুলেছে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। সেখান থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন এবং ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানান।
অন্যদিকে, টুঙ্গিপাড়া সরকারি কলেজের বাইরে পূর্বের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা ব্যানার টাঙিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে বিকেলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে পূর্বের নাম গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামের ব্যানার টাঙিয়ে দেন।
গোপালগঞ্জ সদরেও বিক্ষোভ মিছিল হয়েছে। আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীরা আদালত বর্জন করে বিক্ষোভ করেছেন। দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এক রাতের সহিংসতা কাটিয়ে গোপালগঞ্জের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচিকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাধারণ মানুষের প্রত্যাশা, রাজনৈতিক কর্মসূচি ঘিরে আর কোনো সংঘাত নয়, বরং ফিরে আসুক শান্তি ও স্বাভাবিক জীবনযাত্রা।
এদিকে, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন করে ১১ প্লাটুনসহ মোট ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে জেলা শহরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক দেখা গেলেও মানুষের মধ্যে কাটেনি আতঙ্ক। সড়কে যানবাহন চলাচল করছে খুবই কম, খুলেছে কিছু দোকানপাট। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের চলাফেরায়ও সতর্কতা লক্ষ্য করা গেছে।
সব মিলিয়ে আগামী ১৯ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে গোপালগঞ্জজুড়ে। টুঙ্গিপাড়া ও সদর ছাড়িয়ে কাশিয়ানী, কোটালীপাড়াসহ অন্যান্য উপজেলাতেও পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে উৎকণ্ঠায় সাধারণ মানুষ।
সংসদ সদস্যের মেজো ভাই এস এম হায়দার আলী বলেন, “বাড়িতে তিন বোন ও তাদের ছেলেমেয়েরা ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে কয়েকশ লোক লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির দিকে ছুটে আসে। তখন আমরা প্রাণভয়ে চলে যাই।”
সংসদ সদস্যের বড় বোন সেতারা কবির অভিযোগ করেন, আগুন দেওয়ার আগে বাড়ি থেকে দুটি ফ্রিজ, তিনটি ওভেন ও ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার লুট করা হয়।
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এসকান্দার শেখ জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে যেতে পারেননি। স্টেশনের সামনেই বিক্ষোভ করায় তারা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে রাত ৯টা ৫৫ মিনিটে সংসদ সদস্যের বাড়িতে পৌঁছে দুটি ইউনিট রাত ২টা ১০ মিনিটের দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।
টুঙ্গিপাড়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) পলাশ হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “থানার কোনো কার্যক্রম নেই। থানা তো পুড়িয়ে দিয়েছে। পুলিশ সদস্যরা যে যার মতো নিরাপদে আছেন। কেউ কেউ পুলিশ লাইনে চলে গেছেন।”
ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো নির্দেশনা রয়েছে কি না, জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বলেন, “ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা রয়েছে, সব পুলিশ সদস্য নিরাপদ স্থানে থাকবেন।”
মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা পরিষদ চত্ত্বরের আশপাশে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়।
টুঙ্গিপাড়া-পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়।
একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। সন্ধ্যা ৭টার দিকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে থানার দিকে এগিয়ে যায়। পরে সেখানে কয়েক হাজার মানুষ জড়ো হয়ে থানায় হামলা চালান।
এ সময় ব্যাপক ভাঙচুর পাশাপাশি পুলিশের গাড়ি ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। থানা থেকে গ্রেফতার হওয়া আসামিদের ছিনিয়ে নেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।
খবর পেয়ে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। পথে নীলফা বাজার এলাকায় তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় বিজিবির একটি এপিসি ও একটি জিপসহ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়।
রাত ৯টার দিকে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেন আওয়ামী সন্ত্রাসীরা। একই সময় তার আত্মীয়-স্বজনেরও কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এর আগে রাত পৌনে ৯টার দিকে টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে একাত্তর টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি আজিজুর রহমান রনি হামলার শিকার হন। এ ঘটনায় দৈনিক কালবেলার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি মেহেদী হাসানসহ আরও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।
বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, টুঙ্গিপাড়ার বিভিন্নস্থানে সহিংসতার ক্ষতচিহ্ন। থানা ভবনের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পুড়ে যাওয়া গাড়ি, আসবাব ও কম্পিউটারের ধ্বংসাবশেষ। হাজতখানার দুটি কক্ষের তালা ভাঙা, দরজাও খোলা।
ডিউটি অফিসার ও উপ-পরিদর্শকদের কক্ষে ব্যাপক ভাঙচুরের চিহ্ন। বাতাসে ভেসে বেড়াচ্ছিল পোড়া গন্ধ। নিলফা বাজার এলাকায় গোপালগঞ্জ-পাটগাতী সড়কের ওপর পড়ে রয়েছে বিজিবির পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ।
গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের বিভিন্নস্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। গিমাডাঙ্গা মোড় এলাকায় সড়কজুড়ে গাছের গুঁড়ি ফেলে রাখা।
স্থানীয় অনেকেই জানান, মঙ্গলবারের ঘটনা যুদ্ধের পরিস্থিতির মতো ছিল। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে এ ধরনের হামলার ঘটনা তারা আগে কখনও দেখেননি। নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।
এদিকে, বেলা ১১টার দিকে কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখায় ভাঙচুর ও কাগজপত্রে আগুন দেওয়া হয়। এছাড়া কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয়েছে। পরে উপজেলার ঘোনাপাড়া বাজারে গ্রামীণ ব্যাংক, রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয় ও একটি দোকান ভাঙচুর করে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এসব সন্ত্রাসী কর্মকা- ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।সহিংসতার পর গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বুধবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোয় বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সড়কে ৭ স্থানে অবরোধ; টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পরও স্বাভাবিক হয়নি গোপালগঞ্জের পরিস্থিতি। গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া অবরোধ বুধবার (১৮ নভেম্বর) পর্যন্ত অব্যাহত ছিল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করছেন।
সকাল থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নীলফা বাজার মোড়, রামচন্দ্রপুরের রওশনপুর, সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে অবরোধ দেখা যায়। এতে সড়কটিতে যানবাহন চলাচল ব্যাহত হয়। বুধবার সকাল থেকে গোপালগঞ্জ জেলা সদর থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখার চিত্র দেখা গেছে। সকাল আটটার দিকে ঘোনাপাড়া মোড় পেরিয়ে সড়কের ওপর আড়াআড়িভাবে বড় বড় গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখা যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। নীলফা বাজার মোড় থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখা গেছে। এতে টুঙ্গিপাড়ার সঙ্গে আশপাশের এলাকার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার সন্ধ্যা থেকেই গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরুদ্ধ করে রাখা হয়েছে। বিজিবির সাঁজোয়া যানসহ একটি বহর টুঙ্গিপাড়ার দিকে যাওয়ার চেষ্টা করলেও বাধার মুখে পৌঁছাতে পারেনি। এসময় বিজিবির চারটি গাড়িতে আগুন দেয়া হয় বলে দাবি করেন তারা।
বুধবার সকাল ৯টার দিকেও নীলফা বাজার এলাকায় পোড়া গাড়িগুলোতে আগুন জ্বলতে দেখা যায়। পরে সড়কের বিভিন্ন স্থানে গাড়ির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।
টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় জনসমাগমও ছিল কম। সিঙ্গিপাড়ার এক ভ্যানচালক বলেন, ‘রাস্তা পুরোপুরি অবরুদ্ধ হয়ে আছে। আমরা বসে আছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের উপার্জন বন্ধ।’
যোগাযোগ করা হলে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম বলেন, ‘আমরা জানতে পেরেছি, নীলফা বাজার থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত পুরো সড়ক গাছের গুঁড়ি ফেলে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তবে টুঙ্গিপাড়া উপজেলায় এখন শান্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা কেউ বাইরে যাচ্ছি না।’



