স্থানীয় সংবাদ

খুলনায় দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি : সূর্যের দেখা নেই

স্টাফ রিপোর্টার : বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে খুলনায় দিনভর বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। সকাল থেকে আকাশ মেঘে ঢাকা। কখনো হালকা, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দেখা মেলেনি সূর্যের। বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাসে বেড়েছে শীতের অনুভূতি। হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। কর্মজীবী, শিক্ষার্থী, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পড়েছেন ভোগান্তিতে। বিশেষ করে দিন এনে দিন খাওয়া মানুষের জীবিকায় পড়েছে বিরূপ প্রভাব।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই খুলনার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কখনো হালকা, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সারাদিন এমন আবহাওয়া বিরাজ করায় নগরীর স্বাভাবিক কর্মচাঞ্চল্যে কিছুটা ভাটা পড়ে। প্রয়োজনীয় কাজ ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হননি। যারা কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা জরুরি প্রয়োজনে বাইরে বের হয়েছেন, তাদের পড়তে হয়েছে বাড়তি ভোগান্তিতে।
বৃষ্টির প্রভাব পড়েছে নগরীর সড়ক যোগাযোগেও। বিভিন্ন সড়কে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘœ সৃষ্টি হয়েছে। রিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল চালকদের বৃষ্টির মধ্যে চলাচল করতে গিয়ে বাড়তি সমস্যায় পড়তে হচ্ছে। বৃষ্টির কারণে গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগছে। বিশেষ করে ছাতা কিংবা বৃষ্টির উপযোগী পোশাক ছাড়া বাইরে বের হওয়া মানুষের ভোগান্তি বেড়েছে। শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে বৃষ্টি মাথায় নিয়েই প্রয়োজনীয় কাজ সারতে হয়েছে।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। রিকশা ও ইজিবাইক চালক, দিনমজুর, নির্মাণশ্রমিক এবং খোলা জায়গায় কাজ করা শ্রমজীবী মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। বৃষ্টির কারণে অনেকের কাজের সুযোগ কমে গেছে। অথচ এসব মানুষের প্রতিদিনের উপার্জনের ওপর নির্ভর করে পরিবারের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় খরচ। একদিন কাজ করতে না পারলে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়ে। বৃষ্টির কারণে কর্মঘণ্টা নষ্ট হওয়ায় তাদের মধ্যে আর্থিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অন্যদিকে বৃষ্টির প্রভাব পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপরও। বিশেষ করে ফুটপাত ও খোলা জায়গায় বসে পণ্য বিক্রি করা ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। ক্রেতাদের উপস্থিতি কম থাকায় বেচাকেনায় মন্দাভাব দেখা দিয়েছে। বৃষ্টির কারণে অনেক ব্যবসায়ীকে পণ্য ঢেকে রাখতে হয়েছে। সব মিলিয়ে আবহাওয়ার বিরূপ পরিস্থিতিতে নগরীর স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য ও জনচলাচলে প্রভাব পড়েছে।
এদিকে সকাল থেকে সূর্যের দেখা না মেলায় এবং বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাস থাকায় শীতের অনুভূতিও বেড়েছে। আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে উদ্বিগ্ন অনেক পরিবার। প্রয়োজনীয় কাজ শেষ করে দ্রুত ঘরে ফিরছেন মানুষ। আবহাওয়ার এমন পরিস্থিতিতে নগরজুড়ে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে।
খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো: মিজানুর রহমান জানান, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।
তিনি জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আরও কয়েক দিন বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। ফলে বৃষ্টির স্থায়িত্ব ও পরিমাণ নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি কৃষকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।
সব মিলিয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে খুলনায় দিনভর বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ ও শীতল আবহাওয়ায় জনজীবনে ভোগান্তি বেড়েছে। একদিকে কর্মজীবী মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে, অন্যদিকে নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন উপার্জনেও পড়ছে প্রভাব। আবহাওয়ার এমন পরিস্থিতি কতদিন স্থায়ী হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন নগরবাসী ও কৃষকরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button